২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘পুলিশ দেখে’ ডোবায় ঝাঁপ, পরে মিলল লাশ

ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করেছে, তার বাইরে কিছু জানা নেই, বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 05:37 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

চট্টগ্রামের একটি ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যিনি ‘পুলিশ দেখে’ পালাতে পানিতে ঝাঁপ দিয়েছিলেন স্থানীয় লোকজনের ভাষ্য।

সোমবার বন্দর থানার মধ্যম হালিশহর ২ নম্বর সাইট এলাকার ইটভাটা সংলগ্ন ডেবা থেকে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

মাসুদ রানা (৩৫) নামে সেই যুবকের বাড়ি হালিশহর ২ নম্বর সাইট এলাকাতেই।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মো. মাঈনুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল খবর পেয়ে ডুবুরি দল ডোবা থেকে লাশ করে। যুবকটি প্রায় ২০ ফুটের মত পানির নিচে তলিয়ে গিয়েছিলেন।

স্থানীয় লোকজন বলছেন, রোববার বিকালে ডোবার পাড়ে বসে কয়েকজন তাস খেলছিলেন। সেসময় পুলিশ দেখে সাত-আটজন পানিতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। তখন মাসুদ রানাও লাফ দেন এবং তলিয়ে যান।

তবে বন্দর থানার ওসি আফতাব উদ্দিন বলেন, “সকালে ফায়ার সার্ভিস একটি লাশ উদ্ধার করেছে বলে আমাদের কাছে তথ্য আছে। তার বাইরে আর কিছু আমাদের জানা নেই।”

‘পুলিশ দেখে লাফ দেওয়ার’ ব্যাপারে জানতে চাইলে ওসি বলেন, “ওই এলাকায় জুয়ার আসর নিয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। সেখানে কোনো অভিযান হয়নি।

“হয়ত কোনো ওয়ারেন্টের আসামি খুঁজতে পুলিশ ওই এলাকায় সড়ক দিয়ে গিয়েছিল। পুলিশ যাবার কথা শুনে হয়ত কেউ লাফ দিয়েছে। তবে আমাদের কোনো অভিযান সেখানে ছিল না।”