২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

স্বস্তির বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম

“এটা কাল বৈশাখীর বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় আবার ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে,” বলছেন আবহাওয়াবিদ আবদুল বারেক।

স্বস্তির বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম
বৃষ্টিপাতে উত্তাপ কিছুটা কমেছে বন্দর নগরী চট্টগ্রামে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 07:11 PM

Updated : 01 Sep 2026, 09:04 PM

সারা দেশে এক মাসের বেশি সময় ধরে দাবদাহের পর বন্দরনগরী চট্টগ্রামের উত্তাপ কমাল কাল বৈশাখীর ঝড়ো বৃষ্টি।

বৃহস্পতিবার সকাল ৯টায় ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বর্ষণ। জেলার প্রায় সব উপজেলাতেই বৃষ্টিপাতের খবার পাওয়া গেছে।

এর আগে মধ্যরাতে দুয়েক ফোটা বৃষ্টি হলেও ভোর থেকেই আকাশ ছিল মেঘলা। সকালে ৪০ মিনিটের বৃষ্টিপাতে আনন্দের লহর ছোটে নগরীতে। বৃষ্টির সঙ্গে সঙ্গে অনেকে ছবি ও ভিডিও ধারণ করে তা শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আবদুল বারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টা পর্যন্ত ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা কাল বৈশাখীর বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় আবার ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

“এটা মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি নয়। মৌসুমি বায়ু শুরু হতে আরো মাসখানেক লাগবে।”

বৃষ্টি থেমে যাওয়ার পর বেলা ১১টা থেকে ফের উত্তাপ ছড়াতে শুরু করে সূর্য। তবে বাতাস থাকায় অন্যদিনের তুলনায় গরমের তীব্রতা কম।

চলতি মৌসুমে ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয়। টানা এক মাসের বেশি সময় ধরে এই পরিস্থিতি চলছে দেশে। মৃদু তাপপ্রবাহ বইছে চট্টগ্রাম বিভাগের উপর দিয়েও।

বুধবার চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙামাটি ও চাঁদপুরে। এদিন চট্টগ্রাম জেলায় থার্মোমিটারের পারদ ওঠে ৩৫.২ ডিগ্রিতে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, “চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তিভাবে শিলাবৃষ্টি হতে পারে।

“দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।”