২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কর্মচারীকে কুপিয়ে ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই

পুলিশ ধাওয়া করলে ছিনতাইকারীরা গুলি ছুড়ে পালিয়ে যায়, বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 07:33 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

চট্টগ্রামে কর্মচারীকে কুপিয়ে এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে নগরীর চান্দগাঁও থানার মোহরা কাজীরহাটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় লোকজন বলছেন, আবুল খায়ের গ্রুপের ভোগপণ্যের স্থানীয় পরিবেশক রফিক আহমদ সকালে কাজীরহাটে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যান। কর্মচারীকে শাহ আলমকে নিয়ে তিনি দরজা খুলছিলেন। এসময় ছিনতাইকারীরা এসে রফিকের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শাহ আলম বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে কুপিয়ে জখম করা হয়।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রফিক আহমদ সকালে তার কর্মচারীকে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের দরজা খোলার সময় টাকার ব্যাগটি পাশে মাটিতে রাখেন। তখন কয়েক যুবক এসে ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।”

ছিনতাইকারীরা কর্মচারী শাহআলমকে কুপিয়ে জখম করেছে জানিয়ে ওসি বলেন, “খবর পেয়ে আমাদের ফাঁড়ির একটি দল ছিনতাইকারীদের ধাওয়া করে। সেসময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।”

ঘটনার পরবর্তীতে স্থানীয় লোকজন একজনকে ধরে ফেলে। আর পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করেছে বলে ওসি জাহিদুল জানিয়েছেন।

ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলার কথা বলেছেন ওসি।