২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

আচরণবিধি: সাতকানিয়ার ধর্মপুর ইউপি চেয়ারম্যানের ব্যাখ্যা তলব

রোববার দুপুরে নির্বাচনি অনুসন্ধান কমিটির সামনে তাকে ব্যাখ্যা দিতে হবে।

চট্টগ্রাম ব্যুরো

Published : 22 Dec 2023, 06:47 PM

Updated : 22 Dec 2023, 06:47 PM

স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারণ দর্শাতে বলেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

শুক্রবার চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের অনুসন্ধান কমিটির ও সাতকানিয়ার সিনিয়র সহকারী জজ শরিফুল হক এ নোটিস দেন।

ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন টিপু এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর হয়ে প্রচারে অংশ নিচ্ছেন।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম। আর দলের মনোনয়ন চেয়েও না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার।

স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বারের কাছ থেকে অভিযোগ পাওয়ার কথা জানিয়ে নোটিসে বলা হয়, “ধর্মপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে কর্মরত থেকে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারে অংশগ্রহণ করে ইউনিয়ন পরিষদের পেইজ হতে লাইভ সম্প্রচার করেছেন।

“উক্ত ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, আপনি অভিযোগকারী প্রার্থী ও তার কর্মীদের ধর্মপুরে ঢুকতে না দেওয়ার জন্য হুমকি প্রদান করেছেন। এছাড়াও অশ্রাব্য ভাষায় আক্রমনাত্মক বক্তব্য প্রদান করে ভীতি সঞ্চার করেছেন।”

ওই ভিডিও এখনও সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে যা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশকে ‘সহিংস ও বিঘ্নিত’ করে তুলতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয় নোটিসে।

এ বিষয়ে অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কেন বাংলাদেশ নির্বাচন কমিশনকে সুপারিশ করা হবে না, সে বিষয়ে সশরীরে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রোববার বেলা ২টায় কমিটির কাছে ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে হাজির হতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কি কোথাও কোনো বক্তব্য দিতে পারব না? আমি কাউকে হুমকি দিয়ে কোনো কথা বলিনি। যদি শোকজ করে থাকে, তাহলে সেখানে গিয়ে প্রমাণ দিব।”