ফেনীতে বিএসএফের গুলিতে কৃষক আহত
তাকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে এক ব্যক্তি আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব বিজয়নগর এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
আহত ৪৭ বছর বয়সি মোশারফ ওই এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যদের বরাতে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব জয়নগর সীমান্তের পাশে নিজ জমিতে কাজ করার সময় বিএসএফের ছোড়া গুলি এসে মোশাররফের পিঠের বাম পাশে লাগে।
পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসে। চিকিৎসক গুলি বের করলেও কিছু অংশ ভেতরে রয়ে গেছে।
ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের বলেন, “আহত ব্যক্তি ওই এলাকার স্থায়ী বাসিন্দা। শুনেছি বিকালে পূর্ব জয়নগর সীমান্তের কাছে নিজের জমিতে কাজ করার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন।”
