ফটিকছড়ির জঙ্গলে মিলল মাথাবিহীন নারীর লাশ
স্থানীয় শিশু-কিশোররা খেলার সময় মরদেহটি পড়ে থাকতে দেখে।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশ্রয়ণ প্রকল্প এলাকার কাছে পাহাড়ি টিলা সংলগ্ন জঙ্গলে মাথা বিহীন উলঙ্গ অবস্থায় নারীর লাশটি পড়ে ছিল।”
তিনি বলেন, স্থানীয় শিশু-কিশোররা বিকালে জঙ্গলে খেলার সময় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
ওসি রবিউল বলেন, মাথা বিচ্ছিন্ন থাকায় নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে, তাতেও পরিচয় জানা সম্ভব হয়নি।
