বাঁশখালীবাসীকে বন্যা থেকে রক্ষায় পদক্ষেপ নেওয়া হবে: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
পাহাড়ের ঢলে যাতে মানুষের বসতবাড়ি না ডোবে সে জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন আসাদুল হাবিব দুলু।
চট্টগ্রামের বাঁশখালীবাসীদের যাতে আর প্রতি বছর বন্যা মোকাবিলা করতে না হয় সে জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়, শনিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফর করবেন।
সরকার প্রধানের এই সফরকে কেন্দ্র করে দুপুরে ত্রাণমন্ত্রী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর রোববারের জনসভার নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
আসাদুল হাবিব দুলু বলেন, “প্রতি বছর বাঁশখালীবাসীদের যাতে বন্যা মোকাবিলা করতে না হয়, সে জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণে অস্তিত্ব বিলোপের পথে। যার ফলে স্বাভাবিক বৃষ্টি হলেই বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এ জন্য খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ সৃষ্টি করা হবে, যাতে দ্রুততম সময়ে পানি নেমে যেতে পারে।”
পাহাড়ের ঢলে যাতে মানুষের বসতবাড়ি না ডোবে সে জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
