Published : 12 Dec 2025, 04:36 PM
কুয়াশা কেটে সবে ফুটতে শুরু করেছে ভোরের আলো। তার মধ্যে শিশু-কিশোদের হই হট্টগোলে জেগে ওঠে চট্টগ্রাম নগরীর সিআরবির শিরীষ তলা। এর একটু পরেই দৌড়াতে শুরু করে ক্ষুদে দৌড়বিদরা।
পাঁচ শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণের এই ম্যারাথন আয়োজন করে ফুলকি সহজপাঠ বিদ্যালয়।
ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই 'ক্ষুদেদের ম্যারাথন' আয়োজন করা হয়।
শুক্রবার দুপুরে ফুলকির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজনের বিষয়ে জানানো হয়।

শিরীষ তলা মাঠে জাতীয় সঙ্গীত ও পরে বেলুন ফেস্টুন উড়িয়ে ক্ষুদেদের ম্যারাথন উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলী, ফুলকি ট্রাস্টের সভাপতি আবুল মোমেন ও সর্বাধ্যক্ষা শীলা মোমেন।
এরপর সিআরবি সাত রাস্তা মোড় থেকে শুরু হয় ম্যারাথন। বয়স ভিত্তিক তিন ক্যাটাগরিতে ভাগ হয়ে এক, দুই ও পাঁচ কিলেমিটার দূরত্বের ম্যারাথনে অংশ নেয় ৫৩১ জন শিশু-কিশোর।
পাঁচ কিলোমিটার ক্যাটাগরিতে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বর্ণময় সেনগুপ্ত এবং মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয় নুসরাত জাহান ইমা।

দুই কিলোমিটার ক্যাটাগরিতে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে মো. আরহাম হোসেন এবং মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে মানহা জাফরিন।
এক কিলোমিটার ক্যাটাগরিতে ছেলেদের মধ্যে রাজদ্বীপ চক্রবর্তী চ্যাম্পিয়ন হয়েছেএবং মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে নাজিয়া কাওসার।
সমপাপনী অনুষ্ঠানে প্রত্যেক ক্যাটাগরি থেকে সেরা ৫ জন ছেলে ও সেরা ৫ জন মেয়েকে ক্রেস্ট, মেডেল ও সনদ দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারীরাও পান মেডেল ও সনদ।

সমপনী অনুষ্ঠানে এভারেস্ট আরোহনকারী বাবর আলী বলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা দৌড়ে অংশগ্রহণ করছ, নিজেদের মেলে ধরেছ, এটা যেন থেমে না যায়, প্রায়ই এই চর্চা অব্যাহত থাকে।"
ফুলকির সর্বাধ্যক্ষা শীলা মোমেন বলেন, "জীবনের গতিও যেন এমন সর্বদা চলমান ও অর্থবহ হয়।"
১৯৭৬ সাল থেকে ফুলকির পথচলা শুরু।
২০২৫-এ ফুলকি ৫০ পদার্পণের বছর সুবর্ণজয়ন্তীবর্ষ। ২০২৬ হবে এর ৫০ পূর্তি বছর। এ উপলক্ষে সারা বছর নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে ফুলকির। এরই অংশ হিসেবে অনুষ্ঠিত হল 'ক্ষুদেদের ম্যারাথন’।

চট্টগ্রামে শুধুমাত্র শিশুকিশোরদের জন্য এ ধরণের আয়োজন এই প্রথম।
এই আয়োজনে ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরীর আরো ৩৩ টি বিদ্যালয়ের নানান বয়সী শিশু-কিশোরেরা অংশ নেয়।
এই আয়োজনের সহযোগিতায় ছিল বার্জার পেইন্টস বাংলাদেশ ও এসএমসি।