২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কারখানা থেকে চুরি করা কাপড় উদ্ধার

এক কারখানার গুদাম থেকে ৬৪ এবং একটি দোকানের গুদাম থেকে ৫৯ রোল কাপড় উদ্ধার করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 07:58 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

চট্টগ্রামে একটি পোশাক কারখানা ও নারায়ণগঞ্জে একটি দোকানের গুদামে অভিযান চালিয়ে ১২৩ রোল কাপড় উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশের ভাষ্য, কাপড়গুলো নগরীর পূর্ণা ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার গুদাম থেকে চুরি হয়েছিল। 

সোমবার নগরীর বিভিন্ন স্থানে ও নারায়ণগঞ্জ সদরের একটি মার্কেটে অভিযান চালিয়ে কাপড় উদ্ধারের পাশাপাশি পাঁচ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। 

গ্রেপ্তররা হলেন- মো. মহিউদ্দিন রাকিব (২৬), বিল্লাল হোসেন (৩৪), মো. হাসান (৩২), মোরশেদ আলম (২৬) ও আবু রায়হান (৩৯)। 

তাদের মধ্যে মহিউদ্দিন রাকিব পূর্ণা ফ্যাশনের সহকারী স্টোর ম্যানাজার। 

পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চুরি করা কাপড়গুলো চট্টগ্রাম নগরীর পূর্ণা ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার জন্য চীন থেকে আমদানি করা হয়েছিল। 

“গত ২৯ মে বিকাল থেকে রাতের মধ্যে কারখানার গুদাম থেকে কাটিং ম্যানেজার, স্টোর ম্যানেজার ও সহকারী স্টোর ম্যানাজারের যোগসাজশে চুরি করা হয় বলে কারখানা কর্তৃপক্ষের অভিযোগ।”

ওসি বলেন, “অভিযোগের পর পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার মহিউদ্দিন রাকিব ও বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে। পরে বিল্লালের দেওয়া তথ্যে কভার্ড ভ্যানের চালক হাসান, মোরশেদ ও রায়হানকে গ্রেপ্তার করা হয়। 

“বিল্লালের দেওয়া তথ্যে নগরীর বায়েজিদ এলাকার বিডি জুট ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার গুদাম থেকে ৬৪ রোল এবং নারায়ণগঞ্জ সদরের করিম উল্লাহ মার্কেটের মোহাম্মদ ট্রেডার্স নামের একটি দোকানের গুদাম থেকে ৫৯ রোল কাপড় উদ্ধার করা হয়।”