১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে টিসিবির ১০২০ লিটার সয়াবিন জব্দ

দোকানিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 01:15 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারের একটি দোকান থেকে টিসিবি’র ১০২০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার সকালে এই অভিযান পরিচালনা করেন ফটিকছড়ির ইউএনও মোজাম্মেল হক চৌধুরী। 

অভিযানে কামাল স্টোর দোকানের মালিক মোহাম্মদ ইকবালকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে। 

ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৭টায় গিয়ে নানুপুর বাজারের ভেতর একটি গুদামে টিসিবির সয়াবিন তেল থাকার বিষয়টি নিশ্চিত হই। মেসার্স কামাল স্টোরের মালিক দুই ভাই। তাদের মধ্যে একজন মোহাম্মদ ইকবাল হাজির হলে গুদামের তালা ভেঙে ১০২০ লিটার সয়াবিন তেল উদ্ধার করি।

“এসব তেল টিসিবির গ্রাহকদের কাছে বিক্রির জন্য। খোলা বাজারে এগুলো বিক্রয় নিষিদ্ধ। প্রাথমিকভাবে মোহাম্মদ ইকবাল স্বীকার করেছেন, চাক্তাই এলাকা থেকে তারা এসব তেল সংগ্রহ করেছেন। সেখানকার একজন নাজিরহাটের এক ব্যবসায়ীকে দেয়। তার কাছ থেকে তারা এসব তেল পেয়েছে।” 

জব্দ করা তেল এবং আটক মোহাম্মদ ইকবালকে ফটিকছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। 

ফটিকছড়ির ইউএনও মোজাম্মেল হক বলেন, “পুলিশ অভিযোগের বিষয়ে তদন্ত করবে। এসব তেল টিসিবির কোনো ডিলারের কাছ থেকে পেয়েছে কি না, সেটা তারা অনুসন্ধান করে দেখবে।”

অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, আনসার বাহিনী ও নানুপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা অংশ নেন।