১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জমির বিরোধে সাতকানিয়ায় একজনকে কুপিয়ে খুন

সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে নুরুল কবিরের পরিবারের সঙ্গে প্রতিবেশীর ঝামেলা চলছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 02:31 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

চট্টগ্রামের সাতকানিয়ায় বাড়ির জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। 

সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের দেউদিঘী ছড়ারকুল এলাকায় শনিবার এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

নিহত নুরুল কবির (৩৯) ওই এলাকার বাসিন্দা। 

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে নুরুল কবিরের পরিবারের সাথে প্রতিবেশী পরিবারটির ঝগড়া হয়। এসময় প্রতিবেশীরা তাকে কুপিয়ে জখম করে। 

“রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিবর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।”

স্থানীয়রা বলছে, প্রতিবেশী পরিবারের সাথে নুরুল কবিরের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলছিল। 

প্রতিবেশীরা শনিবার দুপুরে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে তাতে বাধা দেয় নুরুল কবির ও তার পরিবারের সদস্যরা। দুই পক্ষের মধ্যে কথাকাটিতে বিকাল পাঁচটার দিকে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। 

এসময় ধারালো অস্ত্রের আঘাতে নুরুল কবির এবং তার পরিবারের কয়েকজন সদস্য আহত হন। আহত নুরুল কবিরকে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এ ঘটনায় কবিরের চাচাত ভাই বাদী হয়ে প্রতিবেশী পরিবারটির সাত সদস্যের নামে হত্যা মামলা করেছে বলে পুলিশ জানিয়েছে।