২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্টিল-সিমেন্ট না চললে বুঝতে হবে ইকোনমি চলে না’

“যদি সব ধরনের অবকাঠামো সাপোর্ট দেওয়া হয়, প্রশাসনিক সাপোর্ট দেওয়া হয়, আমরা ভালো করব,” বলেন প্যাসিফিক জিন্সের সৈয়দ তানভীর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 08:05 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে আশঙ্কার কথা উঠে এল চট্টগ্রামের এক বাণিজ্য সম্মেলনে।

সীকম গ্রুপের চেয়ারম্যান আমিরুল হক বললেন, “বাংলাদেশের ইকোনমিটা কত ভাইব্রেন্ট, এটা সবাই জানে। এলপিজি চলে, সিমেন্ট চলে না। স্টিল ইন্ডাস্ট্রিজ ইজ ডায়িং। একটা দেশের ইকোনমিতে যদি স্টিল ও সিমেন্ট না চলে, তাহলে আপনাকে এই পেন্ডুলামে বুঝতে হবে যে, আপনার ইকোনমি চলে না।”

চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে সোমবার এক ‘বাণিজ্য সংলাপে’ এ আশঙ্কার কথা উঠে আসে। বিভাগীয় ব্যবসায়ী ফোরাম এ সম্মেলনের আয়োজন করে।

আমিরুল হক বলেন, “আমরা ৪২ বিলিয়ন ডলার এক্সপোর্ট করি। কিন্তু আমরা কোথায় আছি? চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার জন্য আমাকে যেতে হয় ভৈরব দিয়ে। আমাদের কক্সবাজারের জন্য একটা ট্রেন লাইন করা হল। আমরা কি মিয়ানমার যাব? দিনে দুইটা ট্রেন চলে। এটার জন্য তিনশ কিলোমিটার রেল লাইন করা হয়েছে।

“কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকার জন্য মাত্র ৮০ কিলোমিটারের একটা কর্ড লাইন দরকার। এই কর্ড লাইন ৫৩ বছরেও হয়নি। এটা একদম আমাদের জন্য সবার আগে যেন করা হয়।”

সীকম গ্রুপের চেয়ারম্যান বলেন, “মাতারবাড়ির ড্রাফট আছে সাড়ে ১১ মিটার। আর আছে সোনাদিয়া। এটা ঠিক করতে হবে যে আমরা পোর্টটা কোথায় করতে পারব। আর একটা রিকোয়েস্ট করব একটা সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য। এই কাজটা যদি আমাদের জন্য করে দেন।”

প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, “২০২৫ সালে বাংলাদেশের জিডিপির সঙ্গে এক্সপোর্ট রেশিও রাফলি ১০ শতাংশ। যদি গ্লোবাল ইকোনমিক স্ট্যান্ডার্ডে দেখি, এখনো এক্সপোর্ট রেশিও টু জিডিপি অনেক অনেক লো। এটা আমাদের বাড়াতে হবে।

“ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেকশন হচ্ছে ২০৩০ সালে বাংলাদেশের জিডিপির সাইজ হবে ১ ট্রিলিয়ন ডলারের মত। আমরা অনেক বেশি গার্মেন্টস সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের আগামী পাঁচ বছরে আমরা যদি আমাদের জিডিপি টু এক্সপোর্ট রেশিওকে ২০ শতাংশে নিতে চাই। আমাদের কিন্তু এসএম ই সেক্টরকে এক্সপোর্ট ওরিয়েন্টেড করা ছাড়া কোনো উপায় নাই।”

এসএমই খাতের অনেক প্রতিবন্ধকতার কথা তুলে ধরে তিনি বলেন, “এই সেক্টরে ৮০ লাখ উদ্যোক্তা কাজ করে এবং এখানে ডিরেক্ট-ইনডিরেক্ট শ্রমিক কাজ করে। আমাদের জিডিপিতে এসএমই সেক্টরের কন্ট্রিবিউশন হচ্ছে অলমোস্ট ২৫ শতাংশ। 

“কিন্তু আমরা যদি এক্সপোর্টে এসএমই কন্ট্রিবিউশন দেখি, ইট ইস লেস দেন ওয়ান পারসেন্ট। জিনিসটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। সরকার থেকে যদি স্ট্র্যাটেজি নেওয়া হয় যে এসএমই সেক্টরকে এক্সপোর্ট ওরিয়েন্টেড করব, তাহলে অনেক ভালো করব আমরা।”

সৈয়দ তানভীর বলেন, “আমাদেরকে যদি সব ধরনের ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দেওয়া হয়, সব ধরনের প্রশাসনিক সাপোর্ট দেওয়া হয়, আমরা ভালো করব এবং নেশন বিল্ডিংয়ে আমাদের কাজ আমরা করে যাব।”

‘পুঁজিবাজার ধ্বংস হয়ে গেছে’

সংলাপ অনু্ষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “দেশের পুঁজিবাজার ধ্বংস হয়ে গেছে এক কথায় বলতে গেলে। কোনো পুঁজিবাজার নেই। যত উন্নত দেশ দেখবেন, পুঁজিবাজারের সঙ্গে দেশের প্রবৃদ্ধি ও উন্নয়ন সরাসরি সম্পর্কিত।

“আমেরিকায় বাজার মূলধন আমেরিকার জিডিপির দ্বিগুণ। ভারতের বাজার মূলধন ভারতের জিডিপির ৬০-৭০ শতাংশ। বাংলাদেশে বাজার মূলধন ও আমাদের জিডিপি হচ্ছে ৪ কি ৫ শতাংশ। আমি অবাক যে এত ছোট পুঁজিবাজার নিয়ে যে আমরা কতটুকু করতে পেরেছি, আমি খুবই অবাক, কিন্তু ক্ষতি হয়েছে।”

পুঁজিবাজারের উন্নয়ন ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, “এজন্য ক্যাপিটাল মার্কেটের কাজ শুরু করেছি। গ্লোবাল যারা ফান্ড ম্যানেজার ওদের সঙ্গে কথা বলছি। ওয়াল স্ট্রিট রেগুলেশনগুলো দেখছি। প্রোডাক্টগুলো দেখছি।”

সাবেক বাণিজ্যমন্ত্রী খসরু বলেন, “১৫ শতাংশ ইন্টারেস্ট দিয়ে কীভাবে আপনি ফ্যাক্টরি ভায়েবল করবেন। এটা কি সম্ভব নাকি। কোম্পানিগুলো বন্ডে যেতে পারে, ইকুইটিতে যেতে পারে, যদি ক্যাপিটাল মার্কেট ওরকম হয় যেখানে কনফিডেন্স বাড়ে। 

“আমাদের ক্যাপিটাল মার্কেট হচ্ছে এখন ‘ফ্রন্টিয়ার মার্কেট’। অর্থাৎ একদম নিচে। ফ্রন্টিয়ার মার্কেটের গ্লোবাল ফান্ড হচ্ছে ৫-৭ বিলিয়ন। আর আমরা যদি ‘ইমার্জিং মার্কেটে’ ঢুকি, ট্রিলিয়ন ডলার সারা দুনিয়াতে ফান্ড নিয়ে বসে আছে। শুধু আমরা ইমার্জিং মার্কেটে যদি ঢুকতে পারি।”

এ বিএনপি নেতা বলেন, “আমরা কিন্তু ফান্ড ম্যানেজারদের সঙ্গে কথা বলছি। তারা বাংলাদেশে আসতে চাচ্ছে। বাংলাদেশি ‘অরিজিন’ ফান্ড ম্যানেজার আমাদের লোকজন আছে, একেকজন ১৫ বিলিয়ন, ৩০ বিলিয়ন ম্যানেজ করতেছে অলরেডি। 

“ওরা বলতেছে, খসরু ভাই আমাদের সুযোগ দেন। আপনারা সংস্কারগুলো করেন। ক্যাপিটাল মার্কেটে ক্রেডিবিলিটিটা আনেন।”

তিনি বলেন, “ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট ছাড়া ট্রিলিয়ন ডলার ইকোনমি আমরা করতে পারব না। ‘সো উই হ্যাভ আ বিগ প্ল্যান ফর ক্যাপিটাল মার্কেট’। আমরা সিরিয়াস সংস্কার আনব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে। প্রপার লোকজন থাকতে হবে, যে গ্লোবাল ক্যাপিটাল মার্কেট বুঝে। গ্লোবাল ফান্ড ম্যানেজারদের সঙ্গে যারা ডিল করতে পারবে। আমরা সেরকম লোকজনকে দায়িত্ব দেব।”

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ, বিটিসিএল ও বিডার কথা তুলে ধরে তিনি বলেন, “এই পাঁচ-ছয়টা ইনস্টিটিউশনগুলোকে ‘রিং ফেন্সিং’ করতে হবে। ‘পলিটিসাইজেশন’ করা যাবে না, বিএনপি করেও নাই। আমরা সেন্ট্রাল ব্যাংকে কোনো দিন ‘পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট’ করি নাই।”

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি সেলিম রহমান, এশিয়ান গ্রুপের এমডি এম এ সালাম, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল ইসলাম, বিজিএপিএমইএ সভাপতি মো. শহিদ উল্লাহ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহম্মদ ও সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম উপস্থিত ছিলেন।