২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস-পানি বিলের টাকা আত্মসাৎ: চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ৫ বছর কারাদণ্ড

দণ্ডিত নারী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের হালিশহর শাখার জুনিয়ার ক্যাশ অফিসার ছিলেন।

গ্যাস-পানি বিলের টাকা আত্মসাৎ: চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ৫ বছর কারাদণ্ড
চট্টগ্রামে পরীর পাহাড়ে অবস্থিত আদালত ভবন

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 06:26 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

গ্রাহকদের জমা দেওয়া গ্যাস ও পানির বিলের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় চট্টগ্রামের সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

দণ্ডিত তাজকেরাতুন নেছা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের হালিশহর শাখার জুনিয়র ক্যাশ অফিসার ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হয়।

বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান তার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করেন।

দুদকের পিপি মুহাম্মদ কবির হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিলের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণ হওয়ায় একটি ধারায় তিন বছর ও আরেকটি ধারায় দুই বছরের সাজা দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৩ লাখ ১২ হাজার ৬৬৪ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তাজকেরাতুন নেছা পলাতক থাকার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান পিপি কবির হোসাইন।

আদালতের নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৮ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে গ্যাস ও পানির বিল বাবদ ৬ লাখ ৬৩ হাজার ৯৫৩ টাকা গ্রহণ করেন তাজকেরাতুন নেছা। কিন্তু ওই টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। পরে জরিমানাসহ মোট ৬ লাখ ৭০ হাজার ৪২৩ টাকার মধ্যে ৩ লাখ ৫৭ হাজার ৭৫৯ টাকা ফেরত দেন। কিন্তু বাকি ৩ লাখ ১২ হাজার ৬৬৪ টাকা আর পরিশোধ করেননি।

এ ঘটনায় ২০২২ সালের ২৭ নভেম্বর দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করেন সংস্থাটির সেসময়ের সহকারী পরিচালক মো. এমরান হোসেন।

মামলাটিতে ১২ জন সাক্ষ্য নিয়ে রায় দিল আদালত।