Published : 05 Feb 2025, 01:23 AM
চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কের কর্মীদের সঙ্গে কথাকাটাকাটির জেরে পার্কে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ একদল পরিবহন শ্রমিক।
মঙ্গলবার রাতে এ ঘটনার পর নগরীর কাস্টমস মোড়ে গাড়ি রেখে সড়ক অবরোধ করেছে ট্রাক ও লরী শ্রমিকরা।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, পার্কের কর্মীদের সঙ্গে লরি চালকদের কথাকাটাকাটি থেকে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে বিক্ষুব্ধ চালক ও শ্রমিকরা জড়ো হয়ে পার্কের ভেতরে ও বাইরে ব্যাপক ভাংচুর চালায়।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খায়েরের অভিযোগ, ডিসি পার্কের কর্মচারীরা তাদের এক চালককে মারধর করে। প্রতিবাদ করায় তাদের অনেককে পার্কের ভেতরে বেঁধে মারধর করা হয়।
তিনি বলেন, "ফুল উৎসবের কারণে টোল রোডে প্রতিদিন ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রাতে জ্যামের মধ্যে একটি লরি কন্টেইনার নিয়ে ফৌজদারহাটের দিকে যাওয়ার সময় পার্কের কর্মীরা সেটা থামানোর সংকেত দিয়ে পার্কের একটি গাড়ি বের করার সুযোগ করে দেন।
“এসময় লরিটি ব্রেক করতে গিয়ে কিছু দূর গিয়ে থামায়। সে কারণে শ্রমিকরা চালক ও সহকারীকে মারধর করে। খবর পেয়ে অন্য চালক শ্রমিকরা সেখানে জড়ো হলে তাদেরও বেঁধে রেখে মারধর করা হয়।"
সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের ভাষ্য, ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক ও লরী চালক- শ্রমিকদের ‘দুই পক্ষের ঝামেলা’ ডিসি পার্কে ছড়ায়।
তিনি বলেন, “চালক-শ্রমিকদের বাকবিতণ্ডা এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। সহিংসতা পাশের ডিসি পার্কে ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
ইউএনও বলেন, বিষয়টি তারা তদন্ত করছেন। সিসিটিভি ভিডিও এবং অন্যান্য বিষয় যাচাই করলে বিস্তারিত জানা যাবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযোগ রয়েছে ‘বন্দর-ফৌজদারহাট টোল রোড’।
সেখানে সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুর মৌজার বালুচর শ্রেণির এ জায়গা দখলে নিয়ে গড়ে তোলা হয়েছিল ‘শুকতারা’ নামে একটি পর্যটন কেন্দ্র ও রেস্তোরাঁ।
২০২২ সালে এ জায়গা থেকে দখলদার উচ্ছেদ করে জেলা প্রশাসন সেটিকে পার্কে রূপান্তর করে; নাম দেওয়া হয় ‘ডিসি পার্ক’।
বিগত কয়েক বছরের মত এবারও পার্কে চলছে ফুল উৎসব, যা বুধবার শেষ হবে। ফুল উৎসবে প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাগম হয়।
এদিকে ডিসি পার্কের ঝামেলার জেরে বিক্ষুব্ধ চালক ও শ্রমিকরা কাস্টমস মোড় থেকে সড়কে এলোপাথারি গাড়ি রেখে অবরোধ করে রেখেছেন।
রাত ১২টার দিকে চট্টগ্রাম বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, “ফৌজদারহাট ডিসি পার্কে ঝামেলার কারণে চালক শ্রমিকরা কাস্টমস মোড় থেকে সল্টগোলা পর্যন্ত রোড ব্যরিকেড দিয়ে রেখেছে।”
শ্রমিক নেতা খায়ের বলেন, “ডিসি পার্কের শ্রমিকদের মারধরে আমাদের বেশ কয়েকজন চালক শ্রমিক আহত হয়েছেন। অন্যরা ক্ষুব্ধ হয় গাড়ি চালানো বন্ধ রেখেছেন। তাই একটু জ্যাম হয়েছে।
“আমরা পুলিশ ও প্রশাসনের সাথে বৈঠকে বসেছি। আমরা গিয়ে সমস্যা সমাধান করতে পারব।”