২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা চলছে: চট্টগ্রাম বিএনপি

“সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করাই এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র,” বলেন এক নেতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2024, 12:27 AM

Updated : 10 Sep 2026, 12:14 PM

আওয়ামী লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্র করে ‘সাম্প্রদায়িক দাঙ্গা’ তৈরির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

সোমবার নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পতিত স্বৈরাচারের সক্রিয় দোসররা দুর্বৃত্ত আর সুবিধাবাদীদের ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলদারি, হামলা-লুটতরাজের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা সৃষ্টির অপকর্মে মেতে উঠেছে।

“সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করাই এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র। জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায়ও তারা মরিয়া হয়ে ওঠেছে। একইসঙ্গে এসব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপির উপরে চাপানোর জন্য চেষ্টা করছে।”

এরশাদ বলেন, “আমরা লক্ষ করছি, দেশের অন্যান্য স্থানের মত চট্টগ্রামেও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য নানা ধরনের জঘন্য অপচেষ্টা চলছে। প্রতিবেশী একটি দেশের কতিপয় গণমাধ্যম অব্যাহত অপপ্রচার আর উসকানি দিয়ে অস্থিতিশীল করার জন্য সাম্প্রাদায়িক কার্ড নিয়ে মাঠে নেমেছে।”

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “লুটপাট যারা করে তাদের রাজনৈতিক পরিচয় নেই। ১৯৭১ ও ১৯৯০ সালে পুলিশ প্রশাসন ছিল। এবার কিন্তু পুলিশ প্রশাসন নেই। এ সুযোগে কিশোর গ্যাং, মাদকসেবী ও লুটপাটকারীরা বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করছে।

“আমরা বাধ্য হয়ে বিজয় মিছিল বন্ধ করেছি। সভা করে বিভিন্ন এলাকায় নির্দেশনা দিয়েছি। কারণ আমাদের মিছিলের পেছনে এরা ঢুকে গিয়ে ভাঙচুর-লুটপাট চালালে দোষ পড়বে বিএনপির।”

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা এম এ আজিজ, আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, হারুন জামান উপস্থিত ছিলেন।