Published : 21 Oct 2024, 08:03 PM
বিভিন্ন দাবিতে ধর্মঘট শুরু করেছেন কন্টেইনার পরিবহনকারী প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকরা।
এতে পণ্যবাহী কন্টেইনার বন্দরে আনা-নেওয়ার কাজ কার্যত বন্ধ হয়ে গেছে।
সোমবার সকাল থেকে প্রাইম মুভার ট্রেইলার চালক-শ্রমিকরা ধর্মঘট শুরু করেন।
চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র, সরকার ঘোষিত মজুরিসহ বিভিন্ন দাবিতে এ ধর্মঘট ডাকে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন।
ট্রেইলার মুভার চলাচল না করায় বন্দর ডিপোগুলো থেকে রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার চট্টগ্রাম বন্দরে জাহাজীকরণের জন্য নেওয়া যাচ্ছে না। এছাড়া আমদানি কন্টেইনারও ডিপোতে নেওয়া বন্ধ হয়ে গেছে।
ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ধর্মঘটের কারণে রপ্তানি পণ্যের কন্টেইনার বন্দরে পাঠানো যাচ্ছে না। এসব পণ্য সঠিক সময়ে জাহাজীকরণ না হলে রপ্তানিকারকদের অতিরিক্ত মাশুল গুনতে হবে।
তিনি বলেন, আমদানি পণ্যের কন্টেইনারও বন্দর থেকে ডিপোতে আসছে না এবং খালি কন্টেনারও বন্দর থেকে আনা-নেয়া হচ্ছে না। এতে ডিপোগুলোতে কন্টেইনার জট হবার শংকা দেখা দিয়েছে।
সাধারণত অ্যাসোসিয়েশনভুক্ত ২১টি কন্টেইনার ডিপো থেকে প্রতিদিন গড়ে ১৮০০ থেকে দুই হাজারের মতো রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বন্দরে নেয়া হয় জাহাজীকরণের জন্য।