১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।

চট্টগ্রামে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
চট্টগ্রামে পরীর পাহাড়ে অবস্থিত আদালত ভবন

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 06:48 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

এক যুগ আগে চট্টগ্রামে ৯৫ বোতল ফেনসিডিলসহ ধরা পড়া এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা।

দণ্ডিত আলী আকবর ওরফে বাবুল চট্টগ্রামের পটিয়া উপজেলার মধ্যম হুলাইন গ্রামের বাসিন্দা মৃত নুরুল হকের ছেলে। 

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৩(খ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আসামি আলী আকবর জামিনে গিয়ে পলাতক হয়েছে।” 

মামলার বিবরণ অনুযায়ী, ২০১২ সালের ২৬ অগাস্ট বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সৈন্যেরটেক এলাকায় আলী আকবর বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার হাতে থাকা ব্যাগ থেকে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

এ ঘটনায় সেসময়ের কর্ণফুলী থানার এসআই শাহ আলম মিয়া বাদী হয়ে আলী আকবরের বিরুদ্ধে থানায় মামলা করেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী আকবর জানিয়েছিলেন, সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে চট্টগ্রাম শহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। 

এ মামলায় ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন কর্ণফুলী থানার ওসি শামছুল ইসলাম। ২০১৩ সালের ১ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 

ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করে আদালত।