২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচালন ব্যবস্থায় ‘প্রথম’ চট্টগ্রাম সিটি করপোরেশন

মূল্যায়নের ক্ষেত্রে সূচক ছিল ১৫টি। এসব সূচকের ভিত্তিতে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ‘সিটি গভর্ন্যান্স’ মূল্যায়ন করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাৎসরিক মূল্যায়নে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ‘প্রথম’ হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। 

সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততাসহ ১৫টি মানদণ্ডের ভিত্তিতে সিটি করপোরেশনগুলোর পরিচালন ব্যবস্থা (সিটি গভর্ন্যান্স) মূল্যায়ন করা হয়। 

প্রথম হওয়ার স্বীকৃতি হিসেবে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর কাছ থেকে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বৃহস্পতিবার সচিবালয়ে দুটি সভা হয়। একটি সভা হয় ‘কৌশলপত্র স্টিয়ারিং কমিটি’র। 

সিটি করপোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্র ২০২০-২০৩০ বাস্তবায়ন অগ্রগতি পর্যনেবক্ষণের জন্য এ কমিটি করা হয়েছে। 

এদিন আরেকটি সভা হয় সিটি করপোরেশনের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটির (জেসিসি)।

সিসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪–২০২৫ অর্থবছরের মূল্যায়নে নির্ধারিত সূচক ছিল ১৫টি। গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সূচকগুলোর উপর ভিত্তি করে ‘সিটি গভর্ন্যান্স’ মূল্যায়ন করা হয়। 

১৫টি সূচকের আলোকে পরিচালিত দ্বিতীয়বারের মত হওয়া সিটি গভর্ন্যান্স মূল্যায়নে চট্টগ্রাম সিটি করপোরেশন প্রথম স্থান অর্জন করে। 

এ বিষয়ে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এ অর্জন চট্টগ্রামবাসীর। নগরবাসীর আস্থা, চসিক কর্মকর্তাদের পরিশ্রম এবং সম্মিলিতভাবে টিমওয়ার্কের ফলেই আমরা এ স্বীকৃতি অর্জন করেছি। 

“আমি এ সফলতা নগরবাসীকে উৎসর্গ করছি। এটি আমাদের ভবিষ্যতের পথচলায় আরও উৎসাহ ও দায়বদ্ধতা তৈরি করবে।”