১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বাইক দুর্ঘটনা কোন গাড়ির ধাক্কায়? নিশ্চিত নয় পুলিশ

নিহতদের মধ্যে আসাদুল ছিলেন বাইক চালক, মনজুর ছিলেন যাত্রী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 02:22 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

চট্টগ্রামের আউটার রিং রোডে কোন গাড়ির ধাক্কায় দুই মোটর সাইকেল অরোহীর মৃত্যু হয়েছে, একদিন পরও সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত সৈকত তীরের আউটার রিং রোডের ধুমপাড়া অংশে ওই ঘটনা ঘটে।

ওই ঘটনায় আসাদুল ইসলাম ও মো. মনজুর নামে দুইজনের মৃত্যু হয়। আসাদুল ছিলেন বাইক চালক, মনজুর ছিলেন যাত্রী।  

তাদের মধ্যে আসাদুলের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় আর মনজুরের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। 

বন্দর থানার এসআই হারুন উর জামান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও কোন গাড়ির ধাক্কায় তারা বাইক থেকে পড়ে গেছেন, তা জানা যায়নি। 

তিনি জানান, আসাদুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, অবসরে ভাড়ায় মোটর সাইকেল চালাতেন। শনিবার তিনি পতেঙ্গার দিক থেকে মনজুরকে যাত্রী হিসেবে নিয়ে অলঙ্কারের দিকে যাচ্ছিলেন। ধুমপাড়া এলাকায় তাদের মোটর সাইকেলটি দুর্ঘটনায় পড়ে।

“ওই সড়কে বিভিন্ন ধরনের দ্রুত গতির গাড়ি চলাচল করে। কোন গাড়ির ধাক্কায় তারা পড়ে গেছেন সেটি শনাক্ত করার চেষ্টা করছি।” 

সমুদ্রের পাশ দিয়ে পতেঙ্গা থেকে ভাটিয়ারি পর্যন্ত এই রিং রোডের দৈর্ঘ্য প্রায় ১৭ কিলোমিটার। এ সড়ক দিয়ে মূলত বেশি চলাচল করে মালবাহী বড় ট্রাক, কভার্ড ভ্যান। 

পুরনো খবর

চট্টগ্রামে 'গাড়িচাপায়২ বাইক আরোহীর মৃত্যু