১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ‘গাড়িচাপায়’ ২ বাইক আরোহীর মৃত্যু

"কী ধরনের যানবাহন তাদের চাপা দিয়েছে, সেটা জানতে পারিনি,” বলেন ওসি মো. আব্দুর রহিম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 12:33 AM

Updated : 11 Sep 2026, 03:35 PM

চট্টগ্রাম নগরীর বন্দর থানার ধুমপাড়া এলাকায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত সৈকত তীরের আউটার রিং রোডের ধুমপাড়া অংশে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ৫০ বছর বয়সি আসাদুল। অন্যজনের বয়স আনুমানিক ৪৫ বছর। তবে তার নাম জানাতে পারেনি পুলিশ। আসাদুল নগরীর পাহাড়তলি এলাকার বাসিন্দা।

বন্দর থানার ওসি মো. আব্দুর রহিম শনিবার রাত সাড়ে ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আউটার রিং রোডের ধুমপাড়া অংশে দুজন মোটর সাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। অন্যকোনো গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়।

"কী ধরনের যানবাহন তাদের চাপা দিয়েছে, সেটা জানতে পারিনি। নিহত একজনের নাম পেয়েছি। অন্যজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।"

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করেছেন বলে জানান ওসি।