চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখার সময় ছুরিকাঘাতে যুবক আহত
ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরীতে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখার সময় ‘ভিড়ের ভেতর’ ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন।
নগরীর ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় বুধবার রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ চলার সময় এ ঘটনা ঘটে।
আহত তরুণের নাম আসাদুল হক (২১)। তিনি থাকেন নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায়। আর গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
কারা, কী কারণে তাকে আঘাত করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দর্শকদের ভিড়ের মধ্যে আসাদুল ছুরিকাঘাতের শিকার হয়। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
ওসি বলেন, “ওই যুবকের পায়ে ছুরিকাঘাত করা হয়েছিল। তার সাথে আমরা কথা বলেছি। সে নিজেও বুঝতে পারছে না কারা, কেন তাকে ছুরিকাঘাত করল।”
