০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম-১০: ভোটের প্রচারে প্রবাসীদের সমস্যার কথা বললেন সাঈদ নোমান

“দেশের ভেতরে ও বাইরের সবাই যেন অপেক্ষায় আছে ১২ ফেব্রুয়ারি পরিবর্তনের বার্তা পেতে,” বলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 09:41 PM

Updated : 26 Aug 2026, 02:46 PM

নিজের নির্বাচনি এলাকায় ভোটের প্রচারে নেমে প্রবাসীদের সমস্যার কথা তুলে ধরে সমাধানে জোর দিলেন বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান। 

শুক্রবার দুপুরে বন্দর নগরীর কুসুমবাগ এলাকায় প্রচারে নেমে তিনি বলেন, “যারা প্রবাসী আমি তাদের কথা আলাদা করে বলতে চাই। প্রবাসীদের জন্য আমরা কী করতে পেরেছি ৫৪ বছর?

“আমাদের শপথ নেওয়া দরকার যে, প্রবাসীদের জন্য আলাদা আলাদা করে, তাদের অধিকার তাদের আসা-যাওয়া থেকে শুরু করে বিভিন্ন যে সমস্যাগুলো তারা বাইরেও সম্মুখীন হচ্ছে, বিশেষ করে আরব বিশ্বে; মালয়েশিয়া থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে মানুষের নানা ধরনের সমস্যা হয়।

“আমাদের অ্যাম্বাসির যে কাজ অথবা দেশ হিসেবে যে কাজ, তাদের জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় এবং বাড়িতে তাদের নিরাপত্তা দেওয়া, এগুলো নিশ্চিত করতে হবে।”

জুমার নামাজের পর প্রচার শুরু করেন সাঈদ আল নোমান।

তিনি বলেন, “মানুষ ভোট দেবার জন্য মুখিয়ে আছে, মানুষ যে পরিবর্তন চায় ১৭ বছর পর, সেটির প্রমাণ প্রতিটি জনপদে পাচ্ছি।

“যেটা দেখতে পাচ্ছি, সেটা হল একটা আনন্দমুখর পরিবেশ। ১২ ফেব্রুয়ারি এই দিনটি দেশের ভেতরে এবং বাংলাদেশের মানুষ যারা দেশের বাইরে আছে, সবাই যেন অপেক্ষায় আছে পরিবর্তনের বার্তা পেতে।”

এদিন চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও দশ দল সমর্থিত প্রার্থী শামসুজ্জামান হেলালীও নির্বাচনি প্রচারে নামেন।

তিনি নগরীর ১১ নম্বর কাট্টলী ওয়ার্ডে জনসংযোগে নেমে বলেন, “কাট্টলী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও নাগরিক সেবা বঞ্চনার শিকার। আমি নির্বাচিত হলে শিক্ষা, নৈতিকতা ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”

স্থানীয় বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।