Published : 23 Sep 2025, 12:13 AM
দুইটি কোম্পানির কাছ থেকে ৭৫ কোটি টাকা ‘ঘুষ নেওয়ার’ অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে আলাদা দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুইটি মামলায় জাবেদ, তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান এবং তাদের পারিবারিক মালিকানাধীন ব্যাংক ইউসিবিএল ও আরামিট গ্রুপের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
সোমবার দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলা দুইটি করেছেন বলে জানিয়েছেন সংস্থার উপ-পরিচালক সুবেল আহমেদ।
মামলা দুইটিতে এইচ এম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ওয়েল মার্ট লিমিটেডের (টেক্সটাইল) কাছ থেকে যথাক্রমে ৫৫ কোটি ও ২০ কোটি টাকা ‘ঘুষ’ গ্রহণের অভিযোগ আনা হয়েছে জাবেদের বিরুদ্ধে।
মামলায় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান জাবেদের পারিবারিক মালিকানাধীন ইউসিবিএল থেকে ঋণের মাধ্যমে টাকা উত্তোলন করে এ ‘ঘুষ’ দিয়েছেন বলে অভিযোগ আনা হয়।
দুই মামলার একটিতে অভিযোগ করা হয়েছে, জাবেদ ‘ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির’ মাধ্যমে এইচ এম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক সরোয়ার আলমের কাছ থেকে ৫৫ কোটি টাকা ‘ঘুষ গ্রহণ করে বিদেশে পাচার করেছেন’।
এ টাকা ব্যবসায়ী সরোয়ার আলম ইউসিবিএল থেকে দুই দফায় ঋণ নিয়েছে। পরে এইচ এম স্টিলের চেকের মাধ্যমে কয়েক দফায় এ টাকা উত্তোলন করে জাবেদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে হস্তান্তর, ঋণের কিস্তি পরিশোধসহ বিভিন্নভাবে উত্তোলন করে বিদেশে পাচার করা হয়েছে।
এ মামলায় জাবেদ ও রুকমিলা দম্পতি ছাড়াও ইউসিবিএলের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের এজিএম আবদুল আজিজ, মিসবহুল আলম ও ইয়াছিনুর রহমানকে আসামি করা হয়েছে।
অপর মামলায় অভিযোগ করা হয়েছে, ওয়েল মার্ট গ্রুপের নামে মঞ্জুর হওয়া ২০ কোটি টাকা ঋণ জাবেদের প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তাদের নামে ইউসিবিএলে খোলা বিভিন্ন হিসাবে স্থানান্তর করা হয়।
এ মামলায় ওই পাঁচজন ছাড়ও ইউসুফ চৌধুরীকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে আবদুল আজিজের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। গেল ১৭ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করার আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি প্রথম মেয়াদে ভূমি প্রতিমন্ত্রী এবং পরের মেয়াদে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।
২০২৪ সালের অগাস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর জাবেদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। ইতোমধ্যে জাবেদ ও তার স্ত্রীর নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে নয়টি সম্পত্তিসহ অন্যান্য দেশে স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত।
এছাড়া গত ৫ মার্চ তাদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয় আদালত। এসব হিসাবে ৫ কোটি ২৬ লাখ টাকার বেশি জমা আছে।
২০২৪ সালের ৭ অক্টোবর আদালত জাবেদ ও রুকমিলার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। তবে তারা দুজনেই বিদেশে আছেন বলে খবর এসেছে সংবাদমাধ্যমে।
আগের খবর:
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিরুদ্ধে ‘রেড নোটিস’ জারির আদেশ আদালতের