Published : 15 Aug 2025, 12:16 AM
চট্টগ্রামের বোয়ালখালীতে ‘বাচ্চা চোর’ অপবাদ দিয়ে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে।
উপজেলার শাকপুরা ইউনিয়নে বুধবার রাতে এ ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে।
বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নারীর সঙ্গে এক যুবকের প্রেম ছিল। বিয়ের জন্য ওই নারী শাকপুরায় যুবকের বাড়িতে গিয়েছিল। তখন তাকে ‘বাচ্চা চোর’ অপবাদ দিয়ে গাছে বেঁধে মারধর করা হয়।
“খবর পেয়ে আমরা ওই নারীকে উদ্ধার করি এবং চিকিৎসা করাই। এ ঘটনায় ওই নারী নয়জনকে আসামি করে মামলা করেছেন। এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।”
এজাহারে ওই নারী অভিযোগ করেন, এক বছর আগে আজিজুল হক নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। দুই মাস আগে ওই যুবক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে হালিশহর লোহার পুল এলাকায় বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেছিলেন। কিন্তু ১৫ দিন ধরে সে সবধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।
আজিজুলের অবস্থান জানতে পেরে তাকে খুঁজতে শাকপুরা এলাকায় যাওয়ার দাবি করে ভুক্তভোগী নারী অভিযোগ করেন, বুধবার বিকালে তিনি আজিজুলের বাড়িতে যান। প্রেমের বিষয়ে কথা বলার চেষ্টা করলে আজিজুল তাকে চেনেন না বলে দাবি করে এবং লোকজন জড়ো করে মারধর করে।
তিনি বলেন, এক পর্যায়ে আসামিরা ‘বাচ্চা চোর’ অপবাদ দিয়ে মব সৃষ্টি করলে আরও লোকজন এসে তাকে সড়কের পাশে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে। স্থানীয় কিছু লোক বিষয়টি ৯৯৯ নম্বরে জানানোর পর পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।