মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা বাসের, নিহত ৩
ঘটনাস্থলেই তিন বাস যাত্রী মারা যান।
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকারিয়া।
তিনি বলেন, “দাঁড়িয়ে থাকা একটি কাঠের ট্রাককে ঢাকামুখী সেন্টমার্টিন ট্রাভেলসের ডাবলডেকার একটি বাস সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিন বাস যাত্রী মারা যান।”
নিহতরা হলেন—মীরসরাইয়ের খৈয়াছড়া এলাকার নাফিস আহমেদ (১৬), গাইবান্ধার ফুলঝুরি এলাকার মিন্টু মিয়া এবং চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার সাবিতুন নাহার (২৫)।
এক প্রশ্নের জবাবে ওসি জাকারিয়া বলেন, “ধুমঘাট এলাকায় বনবিভাগের একটি তল্লাশি চৌকি রয়েছে। এর সামনে সড়কের উপরে কাঠবোঝাই ট্রাকটি দাঁড়ানো ছিল।
“দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে পেছন থেকে দ্রুতগতিতে আসা সেন্টমার্টিন ট্রাভেলসের বাসটি ধাক্কা মারে।”
এ ঘটনায় আহত পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করা হলেও উভয় বাহনের চালক পালিয়ে গেছে।
