‘সুরিয়াভানশি যা করে, স্বপ্নেও ভাবা যায় না’
সুরিয়াভানশির প্রতি কোনো ঈর্ষা নেই, কোনো তুলনাও চলে না, বললেন ভারতীয় ব্যাটসম্যান ধ্রুব জুরেল।
সতীর্থ কেউ যখন অসাধারণ কিছু করতে থাকে, তার প্রতি হিংসা হওয়াটা অস্বাভাবিক নয়। মানুষের সহজাত প্রবৃত্তি হিসেবে তুলনাও চলে আসে। কিন্তু বৈভাব সুরিয়াভানশিকে এসবের উর্ধ্বে বলেই মনে করেন ধ্রুব জুরেল। ভারতের এই ব্যাটসম্যানের মতে, সুরিয়াভানশি সব ঈর্ষা ও তুলনার বাইরে।
ভারতীয় দলে এখনও একসঙ্গে খেলা হয়নি এই দুজনের। সুরিয়াভানশি আপাতত ভারতের টি-টোয়েন্টি দলে থাকছেন। জুরেল ভারতের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলেছেন, তবে সবশেষটি ছিল গত বছর। তিনি এখন ভারতের টেস্ট দলের নিয়মিত সদস্য। ১২ টেস্ট খেলে দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন।
তবে আইপিএলে দুজন সতীর্থ। দুজনই খেলছেন রাজস্থান রয়্যালসে। ২০২২ আইপিএলের আগে জুরেলকে ২০ লাখ রুপিতে নিয়েছিল রাজস্থান। সেই ক্রিকেটারকেই গত দুটি আইপিএলে তারা ধরে রাখে ১৪ কোটি রুপিতে। সুরিয়াভানশিকেও ভারতীয় ক্রিকেটে তথা বিশ্ব ক্রিকেটে উপস্থাপন করেছে এই রাজস্থানই।
সাবেক ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়ার পডকাস্টে জুরেলকে জিজ্ঞাসা করা হয়, সুরিয়াভানশির প্রতি কখনও ঈর্ষা কাজ করে কি না, তার সঙ্গে নিজেকে তুলনা করেন কিনা। ২৫ বছর বয়সী ব্যাটসম্যান বললেন, তার কিশোর সতীর্থের ক্ষেত্রে এই ধরনের জাগতিক অনেক কিছুই কাজ করে না।
“সবটুকু প্রশংসা তার প্রাপ্য। সে যা করে, তা স্বপ্নেও ভাবা যায় না। ১৫ বছরের একটা ছেলে সবাইকে তুলাধুনা যাচ্ছে। এক কথায় বলা যায় ‘ওয়াও।’ সত্যি বলতে, কোনো ঈর্ষা নেই। কোনো তুলনাও চলে না। তুলনা করার কী আছে? এটা তো তুলনার বাইরে।
তুলনা তখনই হয়, যখন আপনি ভাবেন যে আপনিও একই রকম কিছু করতে পারবেন। সে অসাধারণ। অবিশ্বাস্য এক ছেলে। আমরা মুগ্ধ হয়ে দেখি, আর সে ব্যাটসম্যান হিসেবে আমাদের কাজ সহজ করে দেয়। পাওয়ারপ্লেতে সে পিটিয়েই যায়। তাকে দেখে মনে হয় যে আমরা সুযোগ পেলে আমাদেরও মারা শুরু করা উচিত, কারণ সে তো পিটিয়েই চলেছে!”
গত মাসেই শ্রীলঙ্কা সফরে দুই টেস্টে একটি ফিফটি ও একটি সেঞ্চুরি করেছেন জুরেল। সুরিয়াভানশি ভারতের টি-টোয়েন্টি দলের হয়ে এখন আছেন এশিয়ান গেমসে।
