প্রথমবার ভারত দলে শাহবাজ আহমেদ
কাঁধের চোটে ছিটকে পড়া ওয়াশিংটন সুন্দরের বদলে জিম্বাবুয়ে সফরের দলে যোগ করা হয়েছে ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে।
ওয়াশিংটন সুন্দরের চোটে পড়া যেন আশীর্বাদ হয়ে এলো শাহবাজ আহমেদের জন্য। প্রথমবারের মতো ভারত দলে ডাক পেলেন এই ব্যাটিং অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে যোগ করা হয়েছে তাকে।
জিম্বাবুয়ে সফরের দলে থাকা ওয়াশিংটনকে নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। ইংল্যান্ডের ঘরোয়া লিস্ট-এ টুর্নামেন্ট রয়্যাল লন্ডন কাপে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় কাঁধে চোট পান তিনি। গত বুধবার উস্টারশায়ারের বিপক্ষে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে এই আঘাত পান, বাঁ কাঁধ চেপে ধরে তখনই মাঠ ছাড়তে দেখা যায় তাকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মঙ্গলবার ওয়াশিংটনের ছিটকে পড়ার কথা জানায়। শাহবাজ কাঙ্ক্ষিত ডাক পেলেন তার জায়গায়।
পেশাদার ক্রিকেটে শাহবাজের ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। ২০১৮ সালের সেপ্টেম্বরে শুরু করেন তিনি লিস্ট-এ ক্রিকেটের পথচলা। এই সংস্করণে ২৬ ম্যাচে দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে তার রান ৬৬২, গড় ৪৭.২৮। বাঁহাতি স্পিনে ৩৯.২০ গড়ে উইকেট নিয়েছেন ২৪টি।
দুই মাস পর ডিসেম্বরে পা রাখেন তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে। সাদা পোশাকে ১৮ ম্যাচে ৪১.৬৪ গড়ে এক সেঞ্চুরি ও ৭ ফিফটিতে করেন ১ হাজার ৪১ রান। নামের পাশে উইকেট ৫৭টি, গড় ১৯.৪৭।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করে এখন পর্যন্ত খেলেছেন ৫৬ ম্যাচ। যেখানে রান ৫১২, ফিফটি একটি, উইকেট আছে ৩৯টি। আইপিএলে গত দুই মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের নিয়মিত সদস্য ছিলেন তিনি।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগামী ১৮ অগাস্ট প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। একই মাঠে পরের দুই ম্যাচ হবে ২০ ও ২২ অগাস্ট।
