বিগ ব্যাশে চোখ রেখে নিউ জিল্যান্ডের ‘ক্যাজুয়াল’ চুক্তিতে ব্রেসওয়েল
নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে মাইকেল ব্রেসওয়েলের জায়গায় আসবেন নিক কেলি।
বয়স হয়ে গেছে ৩৫ বছর। ক্যারিয়ারের এই সময়ে এসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রোমাঞ্চ ও আর্থিক হাতছানি বেশি আকর্ষণীয় মনে হচ্ছে মাইকেল ব্রেসওয়েলের কাছে। তাই নিউ জিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়ে ‘ক্যাজুয়াল’ চুক্তিতে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন এই স্পিনিং অলরাউন্ডার।
এনজেডসি সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০২৬-২৭ মৌসুমের জন্য চুক্তির ধরন বদলাতে যাচ্ছেন ব্রেসওয়েল। মূলত অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলার সুযোগ কাজে লাগাতে সিদ্ধান্তটি নিয়েছেন এই ক্রিকেটার।
‘ক্যাজুয়াল’ চুক্তিতে থাকলে নিউ জিল্যান্ডে ঘরোয়া ক্রিকেট না খেলে ওই সময়টায় বিগ ব্যাশ বা দেশের বাইরে অন্য কোথাও খেলার সুযোগ মেলে। জাতীয় দলের সিরিজেও এনজেডসির সঙ্গে আলোচনার ভিত্তিতে বেছে খেলার সুযোগ থাকে।
এনজেডসির বিশেষ এই ‘ক্যাজুয়াল’ চুক্তিতে ব্রেসওয়েলের আগে নাম লেখান ফিন অ্যালেন, অ্যাডাম মিল্ন, লকি ফার্গুসন, টিম সাইফার্টের মতো নিউ জিল্যান্ডের গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা। অবসর নেওয়ার আগে কেন উইলিয়ামসনও ছিলেন এই চুক্তিতে।
চলতি মাসে ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। সেই সিরিজে খেলার কথাও ভাবছেন ব্রেসওয়েল।
“ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সুযোগটি গ্রহণ করতে নিউ জিল্যান্ড ক্রিকেট যে সমর্থন দিয়েছে, সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। শুধুমাত্র সাদা বলের ক্রিকেটার হিসেবে এই সুযোগটি হাতছাড়া করা আমার পক্ষে সম্ভব ছিল না। ‘ব্ল্যাকক্যাপস’ এর প্রতি আমি এখনও প্রতিশ্রুতিবদ্ধ এবং এখানে ভারতের আসন্ন সফর ও ভবিষ্যতের সাদা বলের সিরিজগুলোতে দলের অংশ হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
“পাশাপাশি, আগামী গ্রীষ্মে শুরু হতে যাওয়া ‘এনজেডটোয়েন্টি’ টুর্নামেন্টের উদ্বোধনী আসরে অংশ নেওয়ার সুযোগটির দিকেও আমার বিশেষ দৃষ্টি রয়েছে।”
নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে ব্রেসওয়েলের স্থলাভিষিক্ত হবেন নিক কেলি। ১১ বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর এটাই হতে যাচ্ছে ৩৩ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যানের প্রথম জাতীয় চুক্তি।
২০২৫ সালের মার্সে নিউ জিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন কেলি। এখন পর্যন্ত আটটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
চলতি বছরের শুরুতে বাংলাদেশ সফরে টম ল্যাথামের চোটে দুটি টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পালন করেন কেলি।
আগামী ২২ অক্টোবর শুরু ভারত-নিউ জিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর পাঁচটি ওয়ানডে খেলবে দুই দল।
