খরুচে বোলিংয়ে ডে লেডের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গড়লেন ডাচ অলরাউন্ডার।
বাস ডে লেডের করা কোমরের ওপরের ফুল টস বল হুক করে ফাইন লেগ দিয়ে গ্যালারিতে পাঠালেন গ্লেন ম্যাক্সওয়েল। ওই ছক্কায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান যেমন বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়লেন, তেমনি নেদারল্যান্ডসের পেস বোলিং অলরাউন্ডার নাম লেখালেন বিব্রতকর এক রেকর্ডে- করলেন ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলিং!
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেট পেলেও ১০ ওভারে ১১৫ রান দেন ডে লেডে।
ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এতদিন যৌথভাবে ছিল দুই অস্ট্রেলিয়ানের। ২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে ১১৩ রান দিয়েছিলেন পেসার মিক লুইস।
আর চলতি বিশ্বকাপের আগে গত মাসে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ১০ ওভারে লুইসের সমান ১১৩ রান দেন লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। দুজনই এবার ‘মুক্ত হলেন’ বিব্রতকর রেকর্ড থেকে।
বিশ্বকাপে সবচেয়ে খরুচে বোলিংয়ের বিব্রতকর রেকর্ড থেকে রাশিদ খানকেও ‘মুক্তি দিলেন’ ডে লেডে। ২০১৯ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে আফগান লেগ স্পিনার ৯ ওভারে দিয়েছিলেন ১১০ রান।
ইনিংসের ৪৯তম ও কোটার শেষ ওভারে ২৮ রান দেন ডে লেডে। ওই ওভারে তার প্রথম দুই বলে চার, পরের দুই বলে ছক্কা মারেন ম্যাক্সওয়েল। এরপর ‘নো’ বলে আরেকটি ছক্কা। তাতে একই সঙ্গে হয়ে যায় রেকর্ড দুটি। শেষ দুই বলে অবশ্য ১ রানের বেশি দেননি ডে লেডে।
