Published : 13 Oct 2023, 07:54 PM
ডেঙ্গু জ্বরের ধকল সামলে মাঠে ফিরতে প্রস্তুত শুবমান গিল। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই দেখা যেতে পারে ভারতের তরুণ এই ওপেনারকে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলা।
আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে গিলের ব্যাপারে ইতিবাচক খবর দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শার্মা।
“সে (গিল) মাঠে নামার জন্য ৯৯ ভাগ প্রস্তুত। বাকিটা আমরা আগামীকালকে দেখব।”
জ্বরের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পারেননি গিল। পরে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত তিনি। যথাযথ চিকিৎসার জন্য দলের সঙ্গে দিল্লি না গিয়ে চেন্নাইয়েই থেকে যান তিনি।
সুস্থ হয়ে ওঠায় চেন্নাই থেকে সরাসরি আহমেদাবাদে দলের সঙ্গে যোগ দেন গিল। এরই মধ্যে তিনি নেটে ব্যাটিং অনুশীলনও করেছেন।
চলতি বছর ওয়ানডেতে দারুণ ছন্দে রয়েছেন গিল। ৭২.৩৫ গড় ও ১০৫.০৩ স্ট্রাইক রেটে ১ হাজার ২৩০ রান করেছেন ২৪ বছর বয়সী ওপেনার। সবশেষ চার ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি এসেছে তার ব্যাট থেকে।
গিলের অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে ইনিংস সূচনার সুযোগ পান ইশান কিষান। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বলে আউট হন বাঁহাতি এই ব্যাটসম্যান। আফগানিস্তানের বিপক্ষে পরেরটিতে খেলেন ৪৭ রানের ইনিংস।