০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

টেস্ট দলের সঙ্গে যোগ দিচ্ছেন অধিনায়ক

অনিশ্চয়তা কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 04:09 PM

Updated : 05 Oct 2026, 04:09 PM

দুবাইয়ে গিয়ে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। অথচ অধিনায়ক এখনও দেশেই। অবশেষে নাজমুল হোসেন শান্তকে নিয়ে সেই অনিশ্চয়তা কেটে গেছে। অসুস্থতা কাটিয়ে দলের সঙ্গে দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফিস জানান, সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়বেন শান্ত।

এশিয়ান গেমস ক্রিকেট থেকে সরাসরিই দুবাইয়ে যাওয়ার কথা ছিল শান্তর। কিন্তু জাপানে যাওয়ার পর থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। সতর্কতা হিসেবে দ্রুত তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, খুব গুরুতর কিছু হয়নি। সতর্কতা হিসেবে তবু নিয়ে আরেকটু অপেক্ষা করা হয়।

অনিশ্চয়তা কেটে যাওয়ার আভাস মেলে রোববার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় তাকে। এরপর আনুষ্ঠানিক ঘোষণাও এলো।

দুবাইয়ে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হচ্ছে সোমবার। আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট শুরু ৯ অক্টোবর।

টেস্টের পর এই দুই দলের সঙ্গে জিম্বাবুয়েকে নিয়ে হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।