২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানি ক্রিকেটারের ক্যাচ ছাড়ায় ভারতীয় সমর্থকদের গালি খেয়েছেন ডাচ ক্রিকেটার

‘নেদারল্যান্ডসের সমর্থকদের চেয়ে ভারতীয় সমর্থকেরাই আমার ওপর বেশি ক্ষিপ্ত ছিল’, বললেন ফাহিম আশরাফের ক্যাচ ছেড়ে দেওয়া ফিল্ডার ম্যাক্স ও’ডাউড।

পাকিস্তানি ক্রিকেটারের ক্যাচ ছাড়ায় ভারতীয় সমর্থকদের গালি খেয়েছেন ডাচ ক্রিকেটার
ক্যাচ ছেড়ে ম্যাচটিই মুঠো থেকে ফেলে দেন ম্যাক্স ও'ডাউড। ছবি: টিভি থেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 05:06 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ম্যাক্স ও’ডাউড ক্যাচ ছাড়ায় জীবন পেয়েছেন ফাহিম আশরাফ, কিন্তু শেষ বিঁধেছে যেন ভারতীয় সমর্থকদের হৃদয়ে। ক্যাচ দিয়েও বেঁচে গিয়ে দারুণ ক্যামিও খেলে নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয়ের দুয়ার থেকে পাকিস্তানকে জিতিয়েছেন ফাহিম। এরপর সামাজিক মাধ্যমে ভারতীয় সমর্থকদের তুমুল গালাগালের শিকার হয়েছে ও’ডাউড।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্মরণীয় এক জয়ের সম্ভাবনা জাগিয়েছিল নেদারল্যান্ডস। ১৪৮ রান তাড়ায় এক পর্যায়ে সহজ জয়ের পথে থাকলেও ১৬ রানের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে নাটকীয়ভাবে জয়ের ক্ষেত্র তৈরি করে ডাচরা। শেষ দুই ওভারে পাকিস্তানের প্রয়োজন পড়ে ২৯ রানের, উইকেট বাকি তখন মোটে ৩টি। 

১৯তম ওভারের প্রথম বলটিতে ছক্কা মারেন ফাহিম। পরের বলেই লং অনে জীবন পান তিনি। ও’ডাউড বলে স্পর্শ করলেও মুঠোয় জমাতে পারেননি। জীবন পেয়ে ওই ওভারে আরও দুটি ছক্কা একটি চার মেরে ম্যাচের চিত্র বদলে দেন ফাহিম। শেষ ওভারে বাউন্ডারিতে জিতিয়ে দেন দলকে। 

৭ রানে জীবন পাওয়া ক্রিকেটার ১১ বলে অপরাজিত ২৯ রান করে ম্যাচ-সেরা হন।

ওই ম্যাচটি হারলে প্রবল বিপাকে পড়ে যেত পাকিস্তান। তখনও পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জনের ঘোষণা ছিল তাদের।

পাকিস্তানের পরাজয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সমর্থকদের জন্য কত বড় আনন্দের ব্যাপার, সেটির নমুনা পরে বুঝেছেন ও’ডাউড। ইন্ডিয়ান এক্সপ্রেসকে ডাচ ওপেনার জানান, সামাজিক মাধ্যমে তার ইনবক্স ভরে যায় ভারতীয় সমর্থকদের নানা বার্তা আর গালিগালাজে।

“কিছু কিছু মন্তব্য খুবই বাজে ছিল, কখনোই যা কাউকে বলা উচিত নয়। মনে হচ্ছিল, নেদারল্যান্ডসের সমর্থকদের চেয়ে ভারতীয় সমর্থকেরাই আমার ওপর বেশি ক্ষিপ্ত…।”

ও’ডাউডের বিভিন্ন পোস্টেও এই ধরনের মন্তব্য ছিল। কিছু মন্তব্য ছিল এরকম, “পেশাদার হয়ে এত সহজ ক্যাচ কেউ মিস করতে পারে?”, “ভাইরে, ক্যাচটা নিতে পারলে প্রথম দিনেই ভিক্ষুকরা টুর্নামেন্ট থেকে ছিটকে যেত…”, আরও অনেক মন্তব্য ছিল, যা প্রকাশ্যে বলা বা লেখার মতো নয়।

ও’ডাউড বলেন, ম্যাচের পর ভুলগুলি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে তাদের। 

“ম্যাচের পর নিজেদের মধ্যে আলোচনা হয়েছে আমাদের। শুধু ওই ক্যাচ নয়, অনেক কিছুই আরও ভালো করতে পারতাম আমরা। ব্যাট হাতেও কিছু ঘাটতি ছিল আমাদের। পরের ম্যাচে শুধরে নেওয়ার চেষ্টা করব।”

দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার নামিবিয়াকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস।