Published : 21 Feb 2026, 05:08 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাধারী ভারত, এবারের আসরের ফেভারিটও। তাদের কাছে সমর্থকদের প্রত্যাশাও অনেক। আর একারণেই ভারতীয় দল প্রচুর চাপে আছে বলে মনে করছেন শুক্রি কনরাড। এই চাপকে কাজে লাগিয়ে সুরিয়াকুমার-পান্ডিয়াদের দুর্বলতাগুলো উন্মোচন করে ভারতকে কোণঠাসা করতে চান দক্ষিণ আফ্রিকার কোচ।
গ্রুপ পর্বে অপরাজিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই ধাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে তারা। আহমেদাবাদে রোববার সন্ধ্যায় শুরু মাঠের লড়াই।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ব্রিজটাউনের ওই রোমাঞ্চকর লড়াইয়ে প্রোটিয়াদের স্বপ্ন ভেঙে শিরোপা জিতেছিল ভারত।
এবার আরেকটি লড়াইয়ে নামার আগে ভারতই বেশি চাপে আছে বলে মনে হচ্ছে কনরাডের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবার নজরে থাকা ভারতকে আরও চেপে ধরতে চান তারা।
“চাপ বড় বিষয়, তবে এটা শুধু আমাদের ওপর নয়, তাদের (ভারতের) ওপরও আছে। আমরা সবসময় শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলার চাপ নিয়ে কথা বলি, কিন্তু প্রতিপক্ষ কি পরিমাণ চাপে থাকে সেটা জানি না। আমি একবারও বলছি না, টানা তিন ম্যাচে ‘ডাক’ মারা খেলোয়াড় দলে তার জায়গা নিয়ে চাপে আছে।”
“দলগুলোর ওপর কড়া নজরদারি থাকে, বিশেষ করে ভারতের মতো দলের ওপর। সেমি-ফাইনালে উঠতে এবং সেখান থেকে ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য তারা প্রচুর চাপে থাকবে। আশা করি, এই চাপের মধ্যে তাদের দুর্বলতা উন্মোচন করতে পারব এবং তাদের কোণঠাসা করতে পারব।”
এবারের বিশ্বকাপ শুরুর আগে দলীয় ৩০০ রানের মাইলফলক ছোঁয়ার আশার কথা শুনিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক ও ভারতের দলপতি সুরিয়াকুমার ইয়াদাভ। কিন্তু তিনশ তো দূরের কথা, এখনও কোনো দল আড়াইশ রানও করতে পারেনি।
সেই প্রসঙ্গ টেনে কনরাড বললেন, বিশ্বকাপ আর দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে পার্থক্য বিশাল।
“বিশ্বকাপের চাপটাই আলাদা। বিশ্বকাপের আগে তিনশর বেশি রান করার মতো নানা কথা বল হচ্ছিল। কিন্তু সাধারণত বিশ্বকাপে আরও অনেক কিছুর ঝুঁকি থাকে। দ্বিপাক্ষিক সিরিজে ছেলেরা ক্রিজে গিয়ে নির্ভার থেকে খেলে, কিন্তু বিশ্বকাপে সম্পূর্ণ আলাদা চাপ থাকে।”