Published : 23 Feb 2026, 08:59 PM
মুখোমুখি প্রথম বলেই চার মারলেন শিমরন হেটমায়ার। পরের ওভারে জীবন পেয়ে যেন আরও তেতে উঠলেন তিনি। জিম্বাবুয়ের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে ভাঙলেন নিজেরই রেকর্ড।
মুম্বাইয়ে সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ৯ রানে জীবন পান হেটমায়ার। এরপর তাণ্ডব চালিয়ে স্রেফ ১৯ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। পঞ্চাশ ছুঁতে পাঁচটি ছক্কার সঙ্গে চার মারেন চারটি।
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ২২ বলে ফিফটি করেন হেটমায়ার। গড়েন বিশ্ব মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন তিনি।
এবারের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের মধ্যে ২৫ বলের কমে ফিফটি ছিল কেবল ক্রিস গেইলের। ২০০৯ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বলে ফিফটি করেছিলেন তিনি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন তৃতীয় ওভারে ক্রিজে যান হেটমায়ার। প্রথম বলে রিচার্ড এনগারাভাকে চার দিয়ে রানের খাতা খোলা ব্যাটসম্যান পরের ওভারে বাউন্ডারি হাঁকান ব্লেসিং মুজারাবানিকে। ওই চারের পরের বলেই লং লেগে তার সহজ ক্যাচ ছাড়েন টাশিঙ্গা মুসাকিওয়া।
বেঁচে গিয়ে এনগারাভাকে টানা দুটি চার মারেন হেটমায়ার। স্পিন আক্রমণে আসার পর, বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। লেগ স্পিনার গ্রায়াম ক্রিমারকে টানা দুটি ছক্কায় ওড়ান বাঁহাতি ব্যাটসম্যান।
অষ্টম ওভারে সিকান্দার রাজাকে তিনটি ছক্কা মারেন হেটমায়ার। তৃতীয় ছক্কায় পৌঁছে যান পঞ্চাশের ঠিকানায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সব দল মিলিয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটি ইউভরাজ সিংয়ের। ২০০৭ সালে টুর্নামেন্টের উদ্বোধনী আসরে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার।