১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের বেশি বাঁহাতি ব্যাটসম্যানে প্রতিপক্ষের যে সুবিধা দেখছেন কাইফ

সুরিয়াকুমার ইয়াদাভ, গৌতাম গাম্ভিরদের সতর্ক করে দেওয়ার পাশাপাশি হার্দিক পান্ডিয়ার ব্যাটিং পজিশন নিয়েও প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ব্যাটসম্যান।

ভারতের বেশি বাঁহাতি ব্যাটসম্যানে প্রতিপক্ষের যে সুবিধা দেখছেন কাইফ
অনুশীলনে ভারতের ক্রিকেটাররা। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 07:14 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের একাদশে বাঁহাতি ব্যাটসম্যানদের আধিক্য ভালো ঠেকছে না মোহাম্মদ কাইফের। এতে প্রতিপক্ষ দলের পরিকল্পনা করা অনেকটা সহজ হয়ে যায় বলে মনে করেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান। সুপার এইটের আগে উত্তরসূরিদের সতর্ক করে দেওয়ার পাশাপাশি হার্দিক পান্ডিয়ার ব্যাটিং পজিশন নিয়েও প্রশ্ন তুললেন তিনি। 

গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটি জিতে সুপার এইটে উঠেছে ভারত। সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের একাদশে তিন বিশেষজ্ঞ বোলার বাদে প্রথম আট জনের ছয় জনই ছিলেন বাঁহাতি। তার আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও ছিল একইরকম একাদশ। 

ভারতের টপ অর্ডারের তিন জনই বাঁহাতি। নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বললেন, অনেক বেশি বাঁহাতি ব্যাটসম্যান থাকলে ভারতের কৌশল বোঝা সহজ হয়ে যায় প্রতিপক্ষের জন্য।

“হার্দিক পান্ডিয়া কেন পাঁচ নম্বরে? হার্দিক পান্ডিয়া সাধারণত পাঁচ নম্বরে ব্যাট করে না। দিল্লিতে নামিবিয়ার বিপক্ষে সে পাঁচ নম্বরে খেলেছিল, কারণ অনেক বাঁহাতি ব্যাটসম্যান ছিল। তাই বাম-ডান কম্বিনেশনের কারণে, বাম ও ডানহাতি ব্যাটসম্যানদের ভারসাম্য বজায় রাখতে তাকে ব্যাটিং অর্ডারে ওপরে পাঠানো হয়েছিল। এটা একটা সমস্যা, কারণ এত বাঁহাতি ব্যাটসম্যান থাকায় প্রতিপক্ষ দলের পরিকল্পনা করা কিছুটা সহজ হয়ে যায়।”

আসরে চার ম্যাচের দুটিতে পাঁচ নম্বরে ব্যাট করেছেন পান্ডিয়া। এই পজিশনে নামিবিয়ার বিপক্ষে তিনি করেছেন ৫২ রান, পাকিস্তানের বিপক্ষে আউট হয়েছেন প্রথম বলে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে সাত নম্বরে ৫ রান ও নেদারল্যান্ডসের বিপক্ষে ছয় নম্বরে করেছেন ৩০ রান।

বাঁহাতি ওপেনার আভিশেক শার্মা তিন ম্যাচ খেলে সবগুলোতে আউট হয়েছেন শূন্য রানে। ভারতের দ্বিতীয় ম্যাচে তিনি খেলতে পারেননি পেটের সংক্রমণের কারণে। ওই ম্যাচে ওপেন করে আট বলে ২২ রান করেছিলেন সাঞ্জু স্যামসন, যিনি ডানহাতি ব্যাটসম্যান। 

সুপার এইটে প্রথম ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। গত আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল তারা।