১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুই বিশ্বকাপে নামিবিয়ার দুই ‘রিটায়ার্ড আউট’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই অভিজ্ঞতা হলো জেন গ্রিনের।

দুই বিশ্বকাপে নামিবিয়ার দুই ‘রিটায়ার্ড আউট’
মাঠ ছাড়ছেন জেন গ্রিন। ছবি: স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 07:23 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

সবশেষ বলটিতে চার মেরেছিলেন জেন গ্রিন। তবে আর কোনো বল খেলার সুযোগ তিনি পেলেন না। শেষ দুই ওভারের খুব কঠিন সমীকরণের মুখে তুলে নেওয়া হলো এই ব্যাটসম্যানকে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখল প্রথম ‘রিটায়ার্ড আউট।’

চেন্নাইয়ে রোববার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে এই অভিজ্ঞতা হয় নামিবিয়ার কিপার-ব্যাটসম্যান গ্রিনের।

২০০ রানের লক্ষ্য তাড়ায় ত্রয়োদশ ওভারে ১২৩ রানে চতুর্থ উইকেট পতনের পর গ্রিন ব্যাটিংয়ে নামেন। তবে তিনি কিংবা আরেক ব্যাটসম্যান জেজে স্মিট কেউই যুক্তরাষ্ট্রের বোলারদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারছিলেন না।

সপ্তদশ ওভারে নামিবিয়ার ৩০ বলের বাউন্ডারি-খরা কাটে গ্রিনের চারে। পরের ওভারের শেষ বলে তিনি বাউন্ডারি মারেন আরেকটি। এরপরই তুলে নেওয়া হয় তাকে। তখন দুই চারে ১৩ বলে ১৮ রানে ব্যাট করছিলেন তিনি। 

শেষ দুই ওভারে ৫১ রানের সমীকরণে নামিবিয়া করতে পারে ১৯। ম্যাচ হারে তারা ৩১ রানে। 

টি-টোয়েন্টি ক্রিকেটে ট্যাকটিক্যাল সিদ্ধান্ত হিসেবে রিটায়ার্ড আউট এখন নিয়মিত চিত্র। চোটাঘাত ছাড়া কোনো ব্যাটসম্যান স্বেচ্ছায় মাঠ ছেড়ে গেলে বা তুলে নিলে ক্রিকেটের পরিভাষায় সেটিকে বলা হয় রিটায়ার্ড আউট।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই নজির দেখা গেল দুইবার, দুটিই নামিবিয়ার। ২০২৪ আসরে ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় এই অভিজ্ঞতা হয়েছিল নিকোলাস ডেভিনের।