Published : 25 Feb 2026, 03:50 PM
বেশ কিছুক্ষণ একটা প্রান্ত ধরে রাখলেন বাবর আজম। জুটিও একটা গড়ে উঠল। কিন্তু রান রেট তখনও খুব ভালো নয়। যখন রানের গতিতে দম দেওয়ার কথা, আউট হয়ে গেলেন তিনি তখনই। অভিজ্ঞ ব্যাটসম্যানের এভাবে আউট হওয়াকে অপরাধের শামিল মনে করেন তার সাবেক সতীর্থ ও স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিতে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ২৭ রানে দুই উইকেট হারানোর পর চতুর্থ ওভারে ক্রিজে যান বাবর। পরের ওভারেই জফ্রা আর্চারকে দারুণ দুটি চার মারেন তিনি। দেখে মনে হচ্ছিল, এ দিন বুঝি সত্যিকারের তাড়না নিয়েই ক্রিজে নেমেছেন তিনি।
কিন্তু কীসের কী! এরপর আবার তিনি ঢুকে গেলেন খোলসে। আর কোনো বাউন্ডারিই মারতে পারেননি। আরেক প্রান্তে সাহিবজাদা ফারহান তুলনামূলক কিছুটা দ্রুততায় রান তোলায় ১০ ওভারে ৭০ রান তুলতে পারে পাকিস্তান।
এরপর যখন ঝড় তুলে পুষিয়ে দেওয়ার পালা, তখনই তার আত্মসমর্পণ। জেমি ওভারটনের লেংথ বলে ক্রস ব্যাটে খেলে যখন ফিরছেন, তার নামের পাশে তখন ২৪ বলে ২৫ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো মানদণ্ডেই মন্থর ইনিংস।
এখানেই আঙুল তুলছেন ইমাদ। পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে বাবরকে নিয়ে অনেকগুলো প্রশ্ন তুললেন ৫৫ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার।
“আর কতগুলো ম্যাচ এভাবে ভজকট পাকাবে সে? ২৪ বল খেলার পর, এভাবে আউট হওয়া…এটা অপরাধ। দলের অভিজ্ঞ একজন ক্রিকেটার। ভারতের বিপক্ষেও এমনটা দেখেছি। তার বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই। তবে টিম মিটিংয়ে কী হয় সেটা জানতে ইচ্ছা করে। সে কি নিজের হাত তুলে ভুল স্বীকার করে?”
বাবর না পারলেও কিছুটা পুষিয়ে দিতে পেরেছেন সাহিবজাদা। চলতি আসরের রানের তালিকায় সবার ওপরে থাকা ব্যাটসম্যান নিজের অবস্থান আরও পোক্ত করেন দুটি ছক্কা ও সাতটি চারে ৪৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে।
কিন্তু পাকিস্তানের আর কেউ ২৫ রানের বেশি করতে পারেননি। তাতে ১৬৪ রানে আটকে যায় পাকিস্তান।
পরে রান তাড়ায় তিনে নেমে চমৎকার এক সেঞ্চুরি করেন হ্যারি ব্রুক। পাঁচ বল বাকি থাকতে দুই উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড।
ম্যাচে প্রভাব রাখতে না পারা বাবরকে আর কতদিন সুযোগ দেবে পাকিস্তান, সেই প্রশ্নও তুলেছেন ইমাদ।
“সাহিবজাদাও খেলছে, হ্যাঁ, ঠিক আছে সে ফর্মে আছে এবং ওপেনও করছে। তবে বাবর চতুর্থ ওভারে ক্রিজে গিয়েছে, একাদশ ওভারে নয়। হ্যারি ব্রুকের মতো সে কবে আমাদের ম্যাচ জিততে সাহায্য করবে? বিশ্বকাপের বড় ম্যাচে কবে সে প্রভাব ফেলবে? ২০১৯ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে আর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ইনিংস দুটি ছাড়া তার আর একটি প্রভাববিস্তারি রাখা ইনিংসের কথা বলুক তো। তাকে ওপেন করানো হয়, তিনে নামানো হয়, তারপর এখন চারে, তবে এরপর কি?”
বাবর আজমকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন স্বদেশি ব্যাটসম্যান আহমেদ শেহজাদও।
“বড় ক্রিকেটাররা সবসময় তাদের ভুল মেনে নেন। তিন বছর ধরে সে ফিটনেসের চূড়ায় আছে, কিন্তু পারফর্ম করতে পারেনি। ক্রিকেট বোর্ড তাদের সাধ্যের মধ্যে সবটুকুই করেছে, শুধু একজনের জন্য, তবু কিছুই বদলায়নি।”
পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মাদ আমির অবশ্য বাবরকে নিয়ে সরাসরি কিছু বলেননি। তিনি আঙুল তুলেছেন দলের অভিজ্ঞ সব ক্রিকেটারদের দিকে।
“গত দুই বছর ধরেই আমরা বলে আসছি, চার-পাঁচ জন মূল খেলোয়াড়কে যথেষ্ট সুযোগ দেওয়ার পরও তারা প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেনি।”
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আগামী শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।