Published : 07 Feb 2026, 09:23 PM
হ্যাটট্রিক করার পাশাপাশি পাঁচ উইকেট নিলেন রোমারিও শেফার্ড। কিন্তু ব্যাট হাতে কার্যকর ইনিংস খেলার পর চোখধাঁধানো ক্যাচে সতীর্থকে পেছনে ফেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিলেন শিমরন হেটমায়ার। পাঁচ বছর পর বিশ্বকাপ খেলতে নেমে এই স্বীকৃতি পেলেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান।
কলকাতায় শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিন স্কটল্যান্ডের বিপক্ষে ৬৪ রান করেন হেটমায়ার। নবম ওভারে ক্রিজে গিয়ে ৩৬ বলের ইনিংসটি সাজান তিনি ছয়টি ছক্কা ও দুটি চারে।
হেটমায়ার ছাড়া ম্যাচে ফিফটি করতে পারেননি কেউ। প্রথম ১০ ওভারে ৬৬ রান করা ওয়েস্ট ইন্ডিজ তার আগ্রাসী ব্যাটিংয়েই শেষ পর্যন্ত ১৮২ রানের পুঁজি গড়তে পারে।
পরে পাওয়ার প্লের শেষ ওভারে ফাইন লেগ বাউন্ডারিতে স্কটিশ ওপেনার জর্জ মানজির দুর্দান্ত এক ক্যাচ নেন হেটমায়ার। তখন তাকে ঘিরে উল্লাসে মাতেন সতীর্থরা। ম্যাচে সেরা হয়ে হেটমায়ার বলেন, ‘ব্যাটিংয়ের চেয়েও ওই ক্যাচটি নিতে পেরে বেশি ভালো লাগছে’ তার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এনিয়ে দ্বিতীয়বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন হেটমায়ার। প্রথমটি প্রায় ৫ বছর আগে, ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলে।
ওই বছরই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন হেটমায়ার। সেবার পাঁচ ম্যাচের একটিতে অপরাজিত ৮১ রানের ইনিংসও খেলেছিলেন তিনি। কিন্তু দলকে ম্যাচ জেতাতে না পারায় সেরার পুরস্কার ওঠেনি তার হাতে।
এরপর আরও দুইবার টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ২০২২ ও ২০২৪ আসরে দলে জায়গা হয়নি হেটমায়ারের। পাঁচ বছর পর বিশ্ব মঞ্চে খেলতে নেমেই দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার জিতে নিলেন তিনি।
ইডেন গার্ডেন্সে এদিন হেটমায়ার যখন ক্রিজে যান, ওয়েস্ট ইন্ডিজের রান তখন কেবল ৫৪। এরপর দলের রান বাড়ানোর দায়িত্ব নেন তিনি। মুখোমুখি পঞ্চম বলে ছক্কায় ওড়ান বাঁহাতি এই ব্যাটসম্যান।
একাদশ ওভারে মাইকেল লিস্ককে মারেন আরেকটি। পরে মার্ক ওয়াটের ওভারে মারেন দুটি ছক্কা। সাফিয়ান শারিফের বলে ছক্কা ও চার মারার পর, অলিভার ডেভিডসনকে ওড়ান ছক্কায়।
ওই ছক্কাতেই ২২ বলে ফিফটি স্পর্শ করেন হেটমায়ার। গড়েন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটি রেকর্ড। ২০০৯ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন ক্রিস গেইল।
শেষ পর্যন্ত ১৯তম ওভারের শেষ বলে বিদায় নেন হেটমায়ার।