Published : 23 Feb 2026, 02:54 PM
প্রথম চার ওভারেই তিন উইকেট হারিয়ে দল যখন ভীষণ চাপে, দক্ষিণ আফ্রিকার ইনিংসের চিত্র বদলে দেন তখন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। চমৎকার ব্যাটিংয়ে গড়ে দেন শক্ত ভিত। রান তাড়ায় একই পরিস্থিতিতে পড়া ভারতের কেউ সেই কাজটি করতে পারেনি। কিংবদন্তি সুনিল গাভাস্কারের মতে, প্রোটিয়াদের ব্যাটিং দেখে শিক্ষা নেওয়া উচিত ছিল ভারতের।
আহমেদাবাদে রোববার ২০ রানে টপ অর্ডারের তিন জনকে হারায় দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে ৯৭ রানের জুটি গড়েন মিলার ও ব্রেভিস। তিনটি করে ছক্কা-চারে ২৯ বলে ৪৫ রান করে বিদায় নেন তরুণ ব্রেভিস।
অভিজ্ঞ মিলার দলকে টানেন আরও কিছুক্ষণ। তিনটি ছক্কা ও সাতটি চারে ৩৫ বলে ৬৩ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন তিনি। তাদের গড়ে দেওয়া শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে পরে তিনটি ছক্কা ও এক চারে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস।
শুরুতে বিপাকে পড়া দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত গড়ে ১৮৭ রানের পুঁজি।
লক্ষ্য তাড়ায় ভারতেরও হয় একই অবস্থা। তাদের প্রথম তিন উইকেট পড়ে ২৬ রানে। কিন্তু সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১১ রানে গুটিয়ে যায় তারা।
ম্যাচ শেষে স্টার স্পোর্টসে গাভাস্কার বলেন, বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেছেন মিলার ও ব্রেভিস। কিন্তু তাদের ব্যাটিং দেখেও শিক্ষা নেয়নি ভারত।
“ডেওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার যেভাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস নতুন করে গড়ে তুলেছে, সেদিকে তাকালে দেখা যায়, তারা ‘ভি’-তে (সোজা ব্যাটে সামনের দিকে) অনেক বেশি শট খেলেছে। বিশেষ করে যখন শর্ট বল করা হচ্ছিল, তারা খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিল। প্রত্যাশা অনুযায়ী গতিতে বল ব্যাটে আসছে না, পিচে পড়ে একটু থেমে যাচ্ছে, এটা তারা বুঝে গিয়েছিল। তারা কীভাবে ইনিংস ও জুটি গড়েছে সেটা দেখার পর, আমাদেরও প্রয়োজন ছিল সব বলে স্রেফ ব্যাট চালানোর বদলে ওই ধরনের ব্যাটিং করা।”
ভারতের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন শিভাম দুবে। দলের আর কেউ ২০ রানও করতে পারেননি। উইকেটের আচরণ কিংবা ম্যাচের পরিস্থিতি কিছুর সঙ্গেই ভারতের কারও মানিয়ে নেওয়ার চেষ্টা চোখে পড়েনি গাভাস্কারের।
“আমার মনে হয় না, ভারতের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট চেষ্টা ছিল। দক্ষিণ আফ্রিকা এই মাঠে তিন ম্যাচ খেলেছে, তাই তারা খুব ভালো করে জানে উইকেট কেমন আচরণ করবে। প্রথম চার-পাঁচ ওভারে তারা ভুগেছে এবং তাদের মানিয়ে নিতে হয়েছে। মিলার ও ব্রেভিসের জুটি জমে ওঠার পরই কেবল তারা নিজেদের শটগুলো স্বচ্ছন্দে খেলতে পেরেছে।”
সুপার এইটের পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত।