‘লোকজন ভালোভাবে নেয়নি’, আভিশেককে ‘স্লগার’ বলার ব্যাখ্যায় আমির
বিশ্বকাপে টানা তিন শূন্যের পর রানের দেখা পাওয়া ভারতীয় ওপেনারকে পরামর্শও দিলেন পাকিস্তানের বাঁহাতি পেসার।
আভিশেক শার্মাকে ‘স্লগার’ বলে আলোড়ন ফেলে দিয়েছিলেন মোহাম্মাদ আমির। এখনও নিজের সেই মন্তব্যে অটল আছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার। তবে জোর দিয়ে বললেন, ভারতীয় ওপেনারকে হেয় করার কোনো উদ্দেশ্য তার ছিল না।
টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক দিন ধরেই দাপট দেখাচ্ছিলেন আভিশেক। বিশ্বকাপেও তিনি ঝড় তুলবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান প্রথম তিন ম্যাচেই আউট হন শূন্য রানে। তার এমন অভাবনীয় ব্যর্থতা ভারতীয় ক্রিকেট ছাড়িয়ে গোটা ক্রিকেট বিশ্বেই তুমুল আলোচনার জন্ম দেয়।
বাঁহাতি এই ব্যাটসম্যান দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর তাকে ‘স্লগার’ বলে মন্তব্য করেছিলেন আমির।
“এখনও পর্যন্ত তাকে যতটা দেখেছি, আমার সত্যি মতামত যদি জানতে চান, আমার মনে হয় সে স্রেফ একজন স্লগার। প্রতিটি বলেই চালিয়ে খেলে সে। লেগে গেল তো লেগে গেল। যেদিন লেগে যায়, সেদিন ভালো। বেশির ভাগ দিনই তার ব্যর্থতার সুযোগ বেশি। নিশ্চয়ই দেখে থাকবেন, আট ম্যাচ খেললে একটিতে ভালো করে সে। বাকি ১০, ১৫, ০, ২০, এরকম করে।”
গ্রুপ পর্বে শূন্যের হ্যাটট্রিকের পর, রোববার সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রানের দেখা পান আভিশেক। তবে দলের বড় হারের ম্যাচে রান তাড়ায় ১২ বলে ১৫ রানের বেশি তিনি করতে পারেননি।
এরপরই পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে আভিশেককে ‘স্লগার’ মন্তব্যের ব্যাখ্যা দেন ৩৩ বছর বয়সী আমির।
“একজন বোলারের দৃষ্টিকোণ থেকে তাকে নিয়ে বলছিলাম আমি। তার কৌশল নিয়ে কথা বলছিলাম। আমি স্লগার শব্দটি ব্যবহার করায় লোকজন ভালোভাবে নেয়নি। এর মাধ্যমে আমি বোঝাতে চেয়েছিলাম, তার কৌশল এমন যে, কোনো ভালো দল, ভালো বোলাররা তাকে ফাঁদে ফেলতে পারে।”
“তার ১৪ (১৫) রানের দিকে তাকান, সবগুলোই একদিকে খেলে করেছে। যে বলগুলো সে মেরেছে, সেগুলো বাজে বল ছিল। কিন্ত যখন (কাগিসো) রাবাদা ভালো বোলিং করা শুরু করল, তখন সে বুঝতে পারছিল না।”
আভিশেকের শূন্যের হ্যাটট্রিকের পর আমির বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এই ব্যাটসম্যানের দুর্বলতাগুলো উন্মুক্ত হতে শুরু করেছে। ২৫ বছর বয়সী ক্রিকেটারকে এবার পরামর্শও দিলেন পাকিস্তানের বাঁহাতি পেসার।
“তার সম্ভাবনা আছে। তিনবার শূন্য রানে আউট হওয়ার পরও সে একই অভিপ্রায় ধরে রেখেছে। কিন্তু একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে তার প্রতি আমার বার্তা হবে, আন্তর্জাতিক ক্রিকেটে তোমার কৌশল উন্মুক্ত হয়ে যাবে। যদি তুমি কিছুটা ধৈর্য ধরতে পারো এবং বলের ধরন অনুযায়ী খেলতে পারো, তাহলে আরও ভালো হবে।”
“তার দক্ষতা আছে, কিন্তু এটা তার ওপর নির্ভর করছে যে, এগুলো কতটা ভালোভাবে সে কাজে লাগাচ্ছে। সেই অর্থেই এটা (স্লগার) বলেছিলাম। কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি।”
