‘নার্ভাস’ সুরিয়াকুমারের হৃৎস্পন্দন ছিল ‘১৬০-১৭০’
ইংল্যান্ডের দুর্দান্ত রান তাড়ার এক পর্যায়ে প্রচণ্ড নার্ভাস হয়ে পড়েছিলেন বলে অকপটেই জানালেন ভারতীয় অধিনায়ক।
ম্যাচ শেষে হওয়ার পর করমর্দন পর্বে দেখা গেল, হাসতে হাসতে হ্যারি ব্রুককে কিছু একটা বললেন সুরিয়াকুমার ইয়াদাভ। ভারতীয় অধিনায়ক পরে নিজেই জানালেন, ইংল্যান্ড অধিনায়ককে মজা করে তিনি বলছিলেন যে, আর কত রান করলে তা যথেষ্ট হতে পারে! ২৫৩ রান করেও যে স্বস্তিতে ছিল না ভারত! সুরিয়াকুমার অকপটেই বললেন, এক পর্যায়ে প্রচণ্ড নার্ভাস হয়ে পড়েছিলেন তিনি।
বিশাল লক্ষ্য তাড়ায় ঝড়ো সূচনা করলেও পাওয়ার প্লের মধ্যে ফিল সল্ট, হ্যারি ব্রুক ও জস বাটলারকে হারায় ইংল্যান্ড। পরে টম ব্যান্টন যখন ফিরলেন দলের শতরানের আগেই, মনে হচ্ছিল জয়ের জন্য ভারতকে বেগ পেতে হবে না ততটা।
কিন্তু জেকব বেথেল ছিলেন অপ্রতিরোধ্য। নিজের প্রতিভার ঝলক মেলে ধরার আরেকটি সুযোগ হিসেবে বেছে নেন তিনি এই ম্যাচকে। সঙ্গে পান তিনি দুর্দান্ত ফর্মে থাকা উইল জ্যাকসকে। পাল্টা আক্রমণে ৬.৩ ওভারে ৭৭ রানের জুটি গড়েন দুজন। পরে স্যাম কারানে সঙ্গে ৫০ রান যোগ করেন ৪.৩ ওভারে।
এক পর্যায়ে ইংল্যান্ডের জয় ছিল খুবই সম্ভব। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। ভারত জিতে যায় ৭ রানে। ম্যাচ শেষে সুরিয়াকুমার যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। কৃতিত্ব দিলেন তিনি অসাধারণ বোলিং করা জাসপ্রিত বুমরাহ ও অন্য বোলারদের।
“ওহ মাই গড! মাত্রই হ্যারি ব্রুককে বললাম, ‘তোমাদের সঙ্গে আর কত রান করতে হবে!’ সত্যি বলতে, উইকেট দারুণ। তবে ইংল্যান্ডের কৃতিত্ব কেড়ে নিতে চাই না। তারা সবসময় ম্যাচে টিকে ছিল এবং রান তাড়ায় লড়াইয়ে ছিল। যেভাবে জাসপ্রিত বুমরাহ, আর্শদিপ সিং ও অন্যরা ম্যাচটি বের করে নিয়েছে, অসাধারণ।”
“আমরা সবাই জানি তার (বুমরাহ) সামর্থ্য কতটা এবং এত বছর ধরে কী করে আসছে। আজকেও একই কাজ করেছে, প্রয়োজনের সময় এগিয়ে এসেছে এবং দারুণ মানসিকতা মেলে ধরে ম্যাচ ওদের কাছ থেকে বের করে এনেছে। স্পেশাল বোলিং পারফরম্যান্স ছিল।”
১৫ ওভার শেষে ভারতের রান ছিল ১৭৭, ইংল্যান্ডের রান ছিল ১৮৫।
১৭ ওভার শেষে ভারতের রান ছিল ২০৫, ইংল্যান্ডের রান ২০৯।
শেষ ৩ ওভারে ভারত তোলে ৪৮ রান। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪৫ রান।
ইংল্যান্ডের রান তাড়ায় ১৮ তম ওভারে বুমরাহ দেন মাত্র ৬ রান। বড় পার্থক্য গড়া হয়ে যায় ওখানেই। পরের ওভারে হার্দিক পান্ডিয়া রান দেন ৯। শিভাম দুবের করা শেষ ওভার শেষে ২২ রান নিয়েও তাই লাভ হয়নি ইংলিশদের।
তবে শেষ কয়েক ওভারে ম্যাচ যখন দোদুল্যমান, তখন স্নায়ুর চাপ প্রবলভাবেই টের পেয়েছেন সুরিয়াকুমার।
“খুবই নার্ভাস ছিলাম। কেউ যদি আমার হৃৎস্পন্দন পরীক্ষা করত তখন, অনায়াসেই দেখত ১৬০-১৭০-১৭৫ হয়ে গেছে! তবে এসব খেলারই অংশ। দারুণ একটি সেমি-ফাইনাল ছিল, শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পেরে আমরা খুশি।”
ম্যাচে বড় পার্থক্য গড়ে দিয়েছে ফিল্ডিংও। ৪২ বলে ৮৯ রান করা সাঞ্জু স্যামসন ১৫ রানে জীবন পেয়েছেন হ্যারি ব্রুক ক্যাচ ছেড়ে দেওয়ায়। সেই ব্রুক পরে ব্যাটিংয়ে নেমে বিদায় নিয়েছেন আকসার প্যাটেলের দুর্দান্ত ক্যাচে। বেথেল ও জ্যাকসের ভয়ঙ্কর জুটিও শেষ হয়েছে আকসারের অসাধারণ নৈপূণ্যে জ্যাকস আউট হওয়ায়।
ভারতীয় অধিনায়ক ফিল্ডিং সাফল্যের কৃতিত্ব দিলেন দলের ফিল্ডিং কোচ টি দিলিপকে।
“ফিল্ডিং কোচ দিলিপকেও কিছু কৃতিত্ব দিতে হবে আমাদের। যেভাবে ছেলেদের নিয়ে কাজ করছেন তিনি, অনুশীলনগুলো মজার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছেন, ছেলেরাও ভালোভাবে সাড়া দিয়েছে। এমনকি স্কিল সেশনের পরও ওরা আলাদা করে কাজ করে দলের জন্য। সেটিই মাঠে ফুঠে উঠছে।”
রোমাঞ্চকর লড়াই শেষে এখন ফাইনালের অপেক্ষা। দেশের মাঠের বিশ্বকাপে ফাইনালের রোমাঞ্চ স্পর্শ করছে ভারতীয় অধিনায়ককে।
“অবিশ্বাস্য অনুভূতি (ফাইনালে উঠে… দেশের মাঠে খেলছি, অসাধারণ দলকে নেতৃত্ব দিচ্ছি, বিশ্বকাপ হচ্ছে এখানেই, আহমেদাবাদে ফাইনাল খেলতে যাওয়া, সব মিলিয়ে দারুণ। ছেলেদের সবার জন্যই স্পেশাল অনুভূতি।”
