২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর ‘হাসাহাসি করছিলেন’ আমিরের সতীর্থরা

দুই বছর আগের সেই হারের পর কয়েকজন সতীর্থের হাসি-ঠাট্টা দেখে মোহাম্মাদ আমিরের মনে হয়েছিল, যেন কিছুই হয়নি।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর ‘হাসাহাসি করছিলেন’ আমিরের সতীর্থরা
পাকিস্তান পেসার মোহাম্মাদ আমির। ফাইল ছবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 07:13 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের হতাশায় তখন ডুবে আছে পাকিস্তান দলের প্রায় সবাই। কিন্তু ব্যতিক্রম ছিলেন কয়েকজন। যেন সেই পরাজয় স্পর্শই করেনি তাদের। ম্যাচের ঘণ্টাখানেক পার হতেই তারা মেতে উঠলেন হাসি-ঠাট্টায়। দুই বছর পর এসে সতীর্থদের সেই কাণ্ডের কথা তুলে ধরলেন মোহাম্মাদ আমির।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান শুরু করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে। ডালাসের ওই লড়াইয়ে মূল ম্যাচ হয় টাই। পরে সুপার ওভারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে উল্লাসে মাতে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামা যুক্তরাষ্ট্র।

ম্যাচটি খেলেছিলেন আমিরও। মূল ম্যাচে চার ওভারে ভালো বোলিং করেছিলেন তিনি। ২৫ রান খরচায় ধরেছিলেন এক শিকার। কিন্তু সুপার ওভারে ছন্দ হারিয়ে ফেলেন তিনি। তার ওভার থেকে ১৮ রান আসে। পরে সেই সমীকরণ আর মেলাতে পারেনি পাকিস্তান।  

ওই পরাজয়ের পর স্বাভাবিকভাবেই হতাশায় নিমজ্জিত ছিলেন আমিরসহ পাকিস্তান দলের অন্যরা। কিন্তু ঘন্টাখানেক পার হতেই বদলে গেল চিত্র। দলের কয়েকজন যেন ভুলেই যান সেই পরাজয়ের কথা।

ওই ম্যাচের পর ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান।

আরেকটি বিশ্বকাপ চলছে, তবে এবার খেলছেন না আমির। পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান ‘হারনা মান হে’ তে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। সেখানেই সাবেক পেসার তুলে ধরেন দুই বছর আগের সেই যুক্তরাষ্ট্র ম্যাচের পরের ঘটনার কথা।

“(ওই হারে) আমি খুবই কষ্ট পেয়েছিলাম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর আমাদের মধ্যে কয়েকজন হাসি-ঠাট্টায় মেতে উঠেছিল। ওই ম্যাচের এক ঘণ্টা পর আমাদের ফ্লাইট ছিল। আর দলের দুই-তিন জন হাসাহাসি শুরু করে দিয়েছিল। তাদের দেখে মনে হচ্ছিল, যেন কিছুই হয়নি।”

“অনেক ছেলেই, নাম বলতে চাচ্ছি না, ক্রিকেটকে গুরুত্বের সঙ্গে নেয়নি। ক্রিকেট এমন একটা খেলা, এটাকে গুরুত্বের সঙ্গে নিলে এটা আপনাকে সম্মান দেবে। অন্যথায়, লাথি মেরে সরিয়ে দেবে।”

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব পার করতে পারলেও সুপার এইটে ভালো অবস্থায় নেই পাকিস্তান। নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি ভেস্তে গেছে বৃষ্টিতে। আর মঙ্গলবার ইংল্যান্ডের কাছে হেরে শেষ চারে খেলার পথ কঠিন হয়ে গেছে তাদের।

আগামী শনিবার সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।