১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হোল্ডার-শেফার্ডের দারুণ জুটিতে বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের কীর্তি গড়লেন ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার।

হোল্ডার-শেফার্ডের দারুণ জুটিতে বিশ্ব রেকর্ড
জেসন হোল্ডার (বাঁয়ে) ও রোমারিও শেফার্ড। ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 05:51 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ ওভারে ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে কাঁপছিল ওয়েস্ট ইন্ডিজ। রেকর্ড গড়া জুটিতে সেখান থেকে দলকে উদ্ধার করলেন দুই অলরাউন্ডার জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লড়াইয়ে এই কীর্তি গড়েছেন হোল্ডার ও শেফার্ড। দক্ষিণ আফ্রিকা বিপক্ষে অষ্টম উইকেটে ৫৭ বলে গড়েছেন ৮৯ রানের জুটি।

জুটিতে ২১ বলে ৩৯ রান করেছেন হোল্ডার। আর ৩৬ বলে ৪৮ রান করে দারুণ সহায়তা করেছেন শেফার্ড। 

টি-টোয়েন্টিতে অষ্টম উইকেটে আগের সর্বোচ্চ ছিল ৮০ রান। ২০১৫ সালে নেদারল‍্যান্ডসের বিপক্ষে যা করেছিলেন স্কটল‍্যান্ডের প্রেস্টন মমসেন ও সাফিয়ান শারিফ।

এই উইকেটে ওয়েস্ট ইন্ডিজের আগের সর্বোচ্চ ছিল ৬৭ রান। ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে সেই জুটিতে শেফার্ডের সঙ্গী ছিলেন রভম‍্যান পাওয়েল। 

টি-টোয়েন্ট বিশ্বকাপে অষ্টম উইকেটে আগের সর্বোচ্চ ছিল ৭০। ২০২২ আসরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওই জুটি গড়েন নামিবিয়ার ডেভিড ভিসা ও রুবেন ট্রাম্পেলমান।

একাদশ ওভারে ক্রিজে যাওয়ার পর দ্বিতীয় বল ছোবল দেয় শেফার্ডের হেলমেটে। সেটা সামলে নিয়ে লড়াই চালিয়ে যান তিনি। 

ত্রয়োদশ ওভারে তাদের জুটিতে আসে প্রথম বাউন্ডারি। এরপর যেন আর থামাথামি ছিল না। ১৮তম ওভারে মার্কো ইয়ানসেনের বলে দুটি করে ছক্কা ও চারে ২৩ রান নেন হোল্ডার।  

শেষ দুই ওভারে আসেনি প্রত‍্যাশিত রান। কর্বিন বশের করা শেষ ওভারের পঞ্চম বলে হোল্ডার রান আউট হলে ভাঙে রেকর্ড গড়া জুটি। পরের বলে বাউন্ডারিতে পঞ্চাশ স্পর্শ করেন শেফার্ড।

৩১ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৯ রান করেন হোল্ডার। আর ৩৭ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৫২ রান করে অপরাজিত থাকেন শেফার্ড।