১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ো ফিফটির পর ২ উইকেট নিয়ে দ্বিতীয়বার সেরা পান্ডিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বার ম‍্যাচ-সেরার পুরস্কার জিতলেন এই অলরাউন্ডার।

ঝড়ো ফিফটির পর ২ উইকেট নিয়ে দ্বিতীয়বার সেরা পান্ডিয়া
ফিফটির পর হার্দিক পান্ডিয়া। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 01:02 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ইশান কিষানের বিস্ফোরক ব‍্যাটিংয়ে ৭ ওভারেই তিন অঙ্ক স্পর্শ করে ভারত। এই ওপেনারের বিদায়ের পর রান রেট কিছুটা কমে গেলেও, ঝড়ো ইনিংসে দলকে কক্ষপথে রাখেন হার্দিক পান্ডিয়া। পরে বোলিংয়েও নিজেকে মেলে ধরেন এই অলরাউন্ডার। নামিবিয়ার বিপক্ষে চমৎকার পারফরম‍্যান্সে তিনি জেতেন ম‍্যাচ-সেরার পুরস্কার।

দিল্লিতে একপেশে ম‍্যাচে বৃহস্পতিবার ৯৩ রানে জিতেছে ভারত। ২০৯ রান করা দলটি ১১৬ রানে থামিয়েছে নাবিমিয়াকে। 

পাঁচে নেমে ২৮ বলে চারটি করে ছক্কা ও চারে ৫২ রানের ইনিংস খেলেছেন পান্ডিয়া। পরে আঁটসাঁট বোলিংয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। হ‍্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত পরপর তিন বলে উইকেট নিতে পারেননি তিনি। 

অলরাউন্ড নৈপুণ‍্যে টি-টোয়েন্টিতে সপ্তমবার পান্ডিয়া জিতলেন ম‍্যাচ-সেরার পুরস্কার, বিশ্বকাপে দ্বিতীয়বার। গত আসরে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত পঞ্চাশ ও ১ উইকেটে জেতেন প্রথমবার। 

একাদশ ওভারের প্রথম বলে সুরিয়াকুমার ইয়াদাভ আউট হলে ক্রিজে যান পান্ডিয়া। ১৯তম ওভারে বিদায় নেওয়ার আগে দলকে নিয়ে যান দুইশ রানে। ৫২ রান করার পথে শিভাম দুবের সঙ্গে ৮১ রানের জুটি গড়েন এই অলরাউন্ডার। পরে বোলিংয়েও ছড়ান আলো।