Published : 07 Mar 2026, 01:40 PM
সাঞ্জু স্যামসনের ব্যাটে তিনটি সেঞ্চুরি দেখতে চাইছিলেন রাভিচান্দ্রান অশ্বিন। কিন্তু দুটি ইনিংস থেমে গেছে ‘প্রায়’ সেঞ্চুরিতে। তাতে আক্ষেপ নেই অশ্বিনের। দুটিই তো ম্যাচ জেতানো ইনিংস! তার ব্যাটে এখন একটি সেঞ্চুরি দেখলেই খুশি থাকবেন ভারতের সাবেক স্পিনার। ম্যাচই বাকি আছে একটি, সেই সেঞ্চুরি তো হতে হবে ফাইনালেই!
আহমেদাবাদে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে লড়বে ভারত। শিরোপার এই মঞ্চে আসতে দলকে এগিয়ে নিয়েছেন যারা, তাদেরই একজন স্যামসন।
টুর্নামেন্টের শুরুতে যিনি ছিলেন একাদশের বাইরে, ফাইনালে তিনিই হবেন ব্যাটিংয়ে দলের সবচেয়ে বড় ভরসা। সেমি-ফাইনালে তার ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৮৯ রান, কোয়ার্টার-ফাইনালে পরিণত হওয়া সুপার এইটের শেষ ম্যাচে করেছেন ৫০ বলে অপরাজিত ৯৭।
দুটি ম্যাচেই ম্যান অব দা ম্যাচ হয়েছেন তিনি। যদিও একটুর জন্য পাননি শতরানের স্বাদ। একটিতে জিতে গেছে দল, আরেকটিতে তিনি আউট হয়ে গেছেন প্রায় ৭ ওভার বাকি থাকতে। সেমি-ফাইনাল শেষে অবশ্য ৩১ বছর বয়সী ব্যাটসম্যান বলেছিলেন, সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ তার নেই, বরং ৯৭ ও ৮৯ রানের তৃপ্তিই আছে তার সবটুকু জুড়ে।
একইরকম ভাবনা অশ্বিনেরও। স্যামসনের কাছে চাওয়ামতো তিনটি সেঞ্চুরি তিনি পাচ্ছেন না। তবে নিজের ইউটিউব চ্যানেলে সাবেক স্পিনার বললেন, শেষটা ঝলমলে করতে পারলেই তিনি সন্তুষ্ট থাকবেন।
“আগে আমি বলেছিলাম যে, এবারের বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করবে স্যামসন। এক ম্যাচে সে অপরাজিত ৯৭ করেছে, পরেরটিতে ৮৯। এখন আমার মনে হয়, একটি সেঞ্চুরি করলেই যথেষ্ট!”
“নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং মিচেল স্যান্টনার, ম্যাট হেনরির সামনে খুব ভালো দ্বিপাক্ষিক সিরিজ কাটাতে পারেনি সে। তবে জফ্রা আর্চারের জবাব যেভাবে সে বের করেছে, সেভাবে যদি ম্যাট হেনরির জবাবও খুঁজে পায়, তাহলে তাকে থামানোর কেউ নেই। আমরা চোখধাঁধানো এক শেষের অপেক্ষায় আছি এবং আশা করি সে পারবে।”
বিশ্বকাপের ঠিক আগে দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলেছিল ভারত। দল ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও স্যামনসন পাঁচ ইনিংসে করেছিলেন মোট ৪৬ রান। দুবার আউট হয়েছিলেন তিনি হেনরির বলে, একবার করে স্যান্টনার, কাইল জেমিসন ও লকি ফার্গুসনের বলে।