Published : 01 Mar 2026, 05:17 PM
অফ-স্পিনারদের বিপক্ষে আভিশেক শার্মা ও ইশান কিষানের দুর্বলতা এবারের বিশ্বকাপে প্রকটভাবে ফুটে উঠেছে। দুই বাঁহাতিকে নিয়ে তো একই পরিকল্পনা সাজাতেই পারেন অফ-স্পিনাররা। ক্রিকেট চিন্তক হিসেবে পরিচিত রাভিচান্দ্রান অশ্বিন এখানেই বাধ সাধলেন। ভারতের স্পিন গ্রেটের মতে, আভিশেক ও কিষানের ব্যাটিংয়ের সামর্থ্যের জায়গা আলাদা হওয়ায় তাদের বিপক্ষে পরিকল্পনা ভিন্ন হতে হবে।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচেই শূন্য রানে ফেরেন আভিশেক। যার মধ্যে দুটিতে তাকে ড্রেসিং রুমে ফেরান অফ স্পিনার। পাকিস্তানের বিপক্ষে সালমান আলি আগার বলে মিড-অনে ধরা পড়েন ভারতের বাঁহাতি ওপেনার। আর নেদারল্যান্ডসের সঙ্গে আরিয়ান দত্তের বলে হন বোল্ড।
দক্ষিণ আফ্রিকার আফ্রিকার বিপক্ষে সুপার এইটের ম্যাচ দিয়ে প্রথম রানের দেখা পান আভিশেক। পরে জিম্বাবুয়ের বিপক্ষে করেন আসরে নিজের প্রথম ফিফটি। এই দুই ম্যাচেও অফ স্পিনারদের বিপক্ষে ভুগতে দেখা গেছে তাকে।
ভারতের আরেক টপ অর্ডার ব্যাটসম্যান কিষানেরও ঘাটতি আছে অফ স্পিনের বিপক্ষে। আভিশেকের চেয়েও বেশিবার চলতি বিশ্বকাপে অফ স্পিনে আউট হন তিনি। নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের পর ডাচ অফ স্পিনার আরিয়ারের শিকার হন কিষান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এইডেন মার্করামকে উড়িয়ে মারার চেষ্টায় ক্যাচ দিয়ে ফেরেন শূন্য রানে। আর শেষ ম্যাচে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা ফেরান তাকে।
কোয়ার্টার-ফাইনালে রূপ নেওয়া লড়াইয়ে রোববার কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে যাচ্ছে ভারত। সেমি-ফাইনালে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেয় তাদের।
দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আভিশেক ও কিষানের খামতির জায়গাগুলো দেখিয়ে দিলেন অশ্বিন! নিজের ইউটিউব চ্যানেলে ক্যারিবিয়ান অফ স্পিনার রোস্টন চেইসকে এই দুই ব্যাটসম্যানকে নিয়ে কিছু পরামর্শও দেন তিনি।
“আভিশেক শার্মা ও ইশান কিষান দুইজনই বাঁহাতি, কিন্তু ভিন্ন ঘরানার। চেইসকে দুইজনের বিপক্ষে আলাদাভাবে ভাবতে হবে, বোলিং করতে হবে। অফ স্পিনের বিপক্ষে আভিশেকের স্ট্রাইক রেট স্রেফ ৮৫, কারণ অফ স্পিনাররা পায়ে বল করে তাকে আটকে রাখে। অফ স্পিনের বিপক্ষে লেগ সাইডে তার কোনো শট নেই। উইকেট ছেড়ে বেরিয়ে এসেও সে খেলতে পারে না, কারণ যখনই সে এগিয়ে আসে বোলাররা তার প্যাডে বল করে। অফ স্পিনাররা তাকে লেগ সাইডে খেলার জন্য চ্যালেঞ্জ জানায়, কিন্তু তার তো হাতে শট নেই।”
“তার পছন্দের শট কাভারের ওপর দিয়ে ইনসাইড আউট। স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি মারার জন্য তার হাতে সুইপ শট নেই। ডিপ মিডউইকেট ও লং-অন অঞ্চলেও সে খেলতে পারে না। আর ইশান কিষানকে পায়ে বল করলে, তারও স্কয়ার লেগ অঞ্চলে খেলার মতো শট হাতে নেই, তবে সে উইকেট ছেড়ে বেরিয়ে এসে সোজা ব্যাটে মেরে দেবে।”
আভিশেক ও কিষানকে কোথায় বল করা উচিত অফ-স্পিনারদের সেটাও বলে দেন প্রায় সাড়ে পাঁচ টেস্ট উইকেট, দেড়শর বেশি ওয়ানডে উইকেট ও ৭২টি টি-টোয়েন্টি উইকেট নেওয়া অশ্বিন।
“অফ স্পিনাররা অফ স্টাম্পের বাইরে বল করলেই আভিশেক শার্মা তুলাধুনা করবে। তবে কিষানকে অফ-স্পিনার অফ স্টাম্পের বাইরে করলে সে লং-অন কিংবা মিডউইকেট এলাকায় খেলবে এবং উপরে তুলে দেবে। তাই দুইজনই বাঁহাতি এটা মনে করে দুইজনের বিপক্ষে একই পরিকল্পনায় অফ-স্পিন করা যাবে না।”
“দুইজনেই ধরন আলাদা, আর বোলার যদি এটা না জানে, তাহলে একে অপরের পরিপূরক হয়ে উঠবে। ইশানকে অফ-স্টাম্পের বাইরে বল করে চ্যালেঞ্জ জানাতে হবে আর আভিশেককে লেগ সাইডে।