১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কীভাবে কী হলো, এখনও বুঝতে পারছেন না মার্করাম

স্বল্প সময়ের মধ্যে এত নাটকীয়তার পর যে খেই হারিয়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।

কীভাবে কী হলো, এখনও বুঝতে পারছেন না মার্করাম
এইডেন মার্করাম। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 09:15 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

এত দ্রুত এত কিছু ঘটে গেছে যে, কী থেকে কী হলো যেন বুঝতে পারছেন না এইডেন মার্করাম। অবিশ্বাস্য নাটকীয়তার এই ম্যাচে মাঠে থেকেও পুরো চিত্র দক্ষিণ আফ্রিকা অধিনায়কের কাছে পরিষ্কার নয়।  

আহমেদাবাদে বুধবার ‘ডি’ গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মূল ম্যাচের পর প্রথম সুপার ওভারও ‘টাই’ হয়। পরে দ্বিতীয় সুপার ওভারে জেতে মার্করামের দল।

রায়ান রিকেলটন ও কুইন্ট ডি ককের ফিফটিতে ২০ ওভারে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। পরে আফগানিস্তান দুই বল বাকি থাকতে ওই স্কোরে অলআউট হয়ে যায়। এরপর, প্রথম সুপার ওভারে দুই দলই করে ১৭ রান করে। সবশেষে, দ্বিতীয় সুপার ওভারে প্রোটিয়ারা ২৩ রান করার পর, ১৯ রানে থেমে যায় আফগানরা।

ম্যাচ শেষে পুরস্কার বিরতণী অনুষ্ঠানে মার্করাম বললেন, ঠিক কীভাবে কী ঘটেছে তা এখনও পুরোপুরি বুঝতে পারছেন না তিনি।

“যা ঘটেছে, এখানে তার সারাংশ টানা বেশ কঠিন রাভি (শাস্ত্রি)। এটা কঠিন একটি প্রতিযোগিতা, দলগুলো এখানে আপনাকে তীব্র চাপে ফেলে দেয়। আর যখন নিজেকে চাপে ফেলে দেন, তখন আপনি নিজের কাজটা খুব কঠিন করে তোলেন।”

“তাই আমরা এখান থেকে কিছু শিক্ষা নিতে পারি। কিছু জায়গায় আমরা নিজেদের সেরা অবস্থায় ছিলাম না, এটাই হয়তো (সবকিছুকে) রোমাঞ্চকর করে তোলে। উন্নতির জায়গা আছে, আমরা আরও ভালো খেলতে পারি। এই জয় ও পয়েন্টের জন্য আমরা আনন্দিত।”

টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দুই নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। রান রেটে এগিয়ে থেকে চূড়ায় নিউ জিল্যান্ড। টানা দুই ম্যাচেই হেরে তিন নম্বরে আছে আফগানিস্তান।