২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

শুরুতেই শেষ হাসারাঙ্গার বিশ্বকাপ

হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন শ্রীলঙ্কার এই লেগ স্পিনিং অলরাউন্ডার।

শুরুতেই শেষ হাসারাঙ্গার বিশ্বকাপ
ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 06:15 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

বিশ্বকাপ শুরু হতেই বড় এক ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন দলটির লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আসরের বাকি অংশে তাকে পাবে না লঙ্কানরা।

এমআরআই স্ক্যানে হাসারাঙ্গার বাঁ হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। তাতে এক ম্যাচেই শেষ হয়ে গেল তার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অধ্যায়।

আয়ারল্যান্ডের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে এই চোট পান হাসারাঙ্গা। আইরিশদের ২০ রানে হারানোর ম্যাচে কোটার চার ওভারই করেন তিনি। ২৫ রান খরচায় ৩ শিকার ধরেন এই ক্রিকেটার।

হাসারাঙ্গার বদলি হিসেবে কারো নাম এখনো ঘোষণা করেনি শ্রীলঙ্কা। তবে আরেক লেগ স্পিনিং অলরাউন্ডার দুশান হেমান্থাকে বিশ্বকাপ দলে যোগ করতে পারে তারা। তবে এর জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।

আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।