Published : 23 Feb 2026, 12:15 AM
প্রথম তিন ব্যাটসম্যানের কেউ দুই অঙ্ক ছুঁতে পারলেন না। চার ওভারের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা তখন খুব চাপে। সেই সময়ে জ্বলে উঠলেন ডেভিড মিলার। ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে গড়লেন রেকর্ড গড়া জুটি, উপহার দিলেন বিস্ফোরক ইনিংস। এতে দারুণ একটি অর্জনও ধরা দিল ‘কিলার মিলারের’ হাতে।
সুপার এইটের ম্যাচে রোববার ৭৬ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১৮৭ রানের সংগ্রহ গড়ে শিরোপাধারী ভারতকে ১১১ রানে থামিয়েছে গত আসরের রানার্সআপরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অজেয় যাত্রা থামানোর নায়ক মিলার ৩৫ বলে তিন ছক্কা ও সাত চারে খেলেছেন ৬৩ রানের ইনিংস। দলকে দেড়শ রানে নিয়ে বিদায় নেওয়া অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে দশমবার জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার, বিশ্বকাপে দ্বিতীয়বার।
টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশিবার ম্যাচ সেরা হওয়ার কীর্তি নিজের করে নিয়েছেন মিলার। ৭০ ম্যাচে ৯ বার এই পুরস্কার পাওয়া তাবরেইজ শামসি নেমে গেছেন দুই নম্বরে।
ম্যাচ শেষে পুরস্কার নেওয়ার সময় ৩৬ বছর বয়সী মিলার বললেন, নিজেদের শক্তির জায়গায় অনড় থাকতেই দ্রুত উইকেট পড়ার পরও আগ্রাসী ব্যাটিং করেছিলেন তারা।
“পাওয়ার প্লের সময় সব ফিল্ডার (৩০ গজের) বৃত্তের মধ্যে ছিল, তাই ভাবনা ছিল ওপর দিয়ে খেলার। চেষ্টা করেছি যতটা সম্ভব জুটি গড়ার। একই সঙ্গে যতটা সম্ভব প্রান্ত বদল করে খেলার চেষ্টা করেছি।”