১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পারল না পাকিস্তান, সেমি-ফাইনালে নিউ জিল্যান্ড

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 11:56 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ম্যাচ শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেল পাকিস্তানের আশা। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল তাদের। সেমি-ফাইনালে উঠল নিউ জিল্যান্ড।

সুপার এইটের শেষ ম্যাচে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ২১২ রানের পুঁজি গড়ে পাকিস্তান। সেমি-ফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে হতো তাদের। কিন্তু সেটা পারেনি সালমান আলি আগার দল।

সুপার এইটের দুই নম্বর গ্রুপ থেকে আগেই সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করে ইংল্যান্ড। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা তারা। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে এই পর্ব শেষ করে নিউ জিল্যান্ড।

১ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামা পাকিস্তানের শুধু এই ম্যাচ জিতলেই হতো না, নেট রান রেটে নিউ জিল্যান্ডকে পেছনে ফেলতে মেলাতে হতো ওই সমীকরণ।

সম্ভাবনাও জাগায় পাকিস্তান। দ্বাদশ ওভারের মধ্যে ১০১ রানে শ্রীলঙ্কার পাঁচ উইকেট তুলে নেয় তারা। কিন্তু পাভান রাত্নায়েকের দারুণ ব্যাটিংয়ে ষোড়শ ওভারের পঞ্চম বলেই ১৪৭ পেরিয়ে যায় শ্রীলঙ্কা। আর এতে সেমি-ফাইনালের টিকেট পায় নিউ জিল্যান্ড।

শুধু দলই চূড়ান্ত হলো না, সেমি-ফাইনালের ভেন্যুও চূড়ান্ত হয়ে গেল। নিউ জিল্যান্ড ওঠায় প্রথম সেমি-ফাইনাল হবে কলকাতায়, পাকিস্তান উঠলে ম্যাচটি হতো কলম্বোয়।